মার্কিন যুক্তরাষ্ট্রের যে তিনটি ব্যাংক ধসে গেল, সেই ব্যাংকগুলোর নির্বাহীদের ‘শাস্তির’ আওতায় নিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছেন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট।
বিনিয়োগ প্রতিষ্ঠান বার্কশায়ার হাথাওয়ের কর্ণধার ওয়ারেন বাফেট মনে করেন, ব্যাংক বিপদে পড়লে পরিচালকদেরও ‘ভুক্তভোগী’ হওয়া উচিত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে তিনি ব্যাংক খাতের শেয়ারের বিষয়ে সন্দিহান হয়ে উঠেছেন তিনি। এর কারণ হলো ব্যাংকগুলোর ভুল খাতে প্রণোদনা দেওয়া।
বার্কশায়ার হাথাওয়ের বার্ষিক সাধারণ সভায় ওয়ারেন বাফেট মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিক, নিয়ন্ত্রক সংস্থা ও গণমাধ্যমকে একহাত নিয়েছেন। তাঁর অভিযোগ, সিলিকন ভ্যালি, সিগনেচার ও ফার্স্ট রিপাবলিক ব্যাংক ধসের ঘটনায় এরা মানুষকে যে বার্তা দিয়েছে, তা অপ্রতুল ছিল। এদের কর্মকাণ্ডে মানুষ অযথা ভয় পেয়েছে।



