নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ | চ্যানেল আই অনলাইন

নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ | চ্যানেল আই অনলাইন

গ্রুপপর্বে প্রথম রাউন্ডের খেলা শেষ, চলছে দ্বিতীয় রাউন্ড। যেখানে প্রায় অর্ধেক দলের নির্ধারণ হয়ে যাবে নকআউট টিকিট, তথা বিশ্বকাপে নতুন যুক্ত হওয়া রাউন্ড অব ৩২। এই রাউন্ড চলার সময় বিদায়ও নেবে কিছু দল। গ্রুপপর্বে তিনটি করে খেলা, দুটি করে ম্যাচ শেষে অনেকের জন্য হিসাব পরিষ্কার, অনেকের নতুন হিসাব কষার সময় আসছে। দুই খেলা শেষে সি-গ্রুপের ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ডের সামনে হিসাব চলে এসেছে। আর আসরের প্রথম দল হিসেবে তাদের সঙ্গী হাইতি বাদ হয়ে গেছে।

প্রতিটি গ্রুপের শীর্ষ ও দ্বিতীয় দল সরাসরি চলে যাবে পরের রাউন্ডে, যা ২৪টি দল। আর অপেক্ষা করতে হবে গ্রুপের তৃতীয় দলটিকে। নতুন নিয়মে ১২ গ্রুপের ১২ তৃতীয়ের মধ্যে পয়েন্ট-গোল ব্যবধানে এগিয়ে থাকা ৮টি তৃতীয় হওয়া দল সেরা ৩২-এ যোগ দেবে আগেই ঠিক হওয়া ২৪ দলের সঙ্গে। সেক্ষেত্রে ব্রাজিলের পরের রাউন্ডে যেতে কোন সমীকরণ সামনে দেখে নেয়া যাক।

ব্রাজিলের গ্রুপে প্রতিটি দল ২টি করে ম্যাচ খেলে ফেলেছে। ১ জয় এবং ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে টেবিলে শীর্ষে আছে ব্রাজিল। একই সমীকরণে গোলে পিছিয়ে দুইয়ে আছে মরক্কো। ১টি করে জয় এবং হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে স্কটল্যান্ড। কোন জয় না পাওয়া হাইতি বিনা পয়েন্টে তলানিতে, ইতিমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

গ্রুপপর্বে ব্রাজিলের পরের ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে, তারা যদি জেতে, তাহলে সরাসরি পরের রাউন্ডের টিকিট কাটবে। সেক্ষেত্রে মরক্কো ও হাইতি খেলায় মরোক্কানরা জিতলে গ্রুপে দ্বিতীয় হয়ে ব্রাজিলের সঙ্গী হবে। অন্যদিকে ব্রাজিল যদি ১ গোলব্যবধানে জেতে এবং মরক্কো যদি কমপক্ষে ৪ গোলব্যবধানে জেতে, তাহলে আফ্রিকার দেশটি গ্রুপে চ্যাম্পিয়ন হবে, ব্রাজিল হবে দ্বিতীয়।

ব্রাজিল এবং মরক্কো উভয়ের ম্যাচেই যদি ড্রর দেখা মেলে, সেক্ষেত্রেও সমীকরণ একই থাকবে। তবে ব্রাজিলের ড্রয়ের দিনে মরক্কো যদি জিতে যায়, তাহলে টেবিলে দুইয়ে চলে আসবে ব্রাজিল, টপার হরে পরের রাউন্ডে যাবে আশরাফ হাকিমির মরক্কো।

এখন দেখা যাক, ব্রাজিল হারলে কার্লো আনচেলত্তির শিষ্যদের সমীকরণ কোথায় এসে দাঁড়াবে। যদি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা স্কটিশদের সাথে হারে, তাহলে স্কটিশদের পয়েন্ট হবে ৬ এবং মরক্কো যদি হারে তাহলে গোলব্যবধানে এগিয়ে ব্রাজিল দ্বিতীয় এবং স্কটল্যান্ড প্রথম হয়ে গ্রুপপর্ব শেষ করবে। তবে এখানে ব্রাজিলের বড় ব্যবধানে হার এড়াতে হবে।

কিন্তু অন্য ম্যাচে তখন মরক্কো ড্র করলে বা জিতে গেলেই বিপত্তিতে পড়বেন নেইমার-ভিনিসিয়াসরা। সেক্ষেত্রে মরক্কো এবং স্কটল্যান্ড গ্রুপপর্বের উপরের দুই দল হয়ে পরের রাউন্ডে যাবে। ব্রাজিলের বাড়বে অপেক্ষা। তখন তারা যদি ১২ গ্রুপের সেরা ৮টি তৃতীয় দলের মধ্যে থাকতে পারে, সেলেসাও দল পরের রাউন্ডের টিকিট কাটবে পারবে।

আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, কোন সমীকরণ নয়, সরাসরি স্কটল্যান্ডকে হারিয়ে পরের রাইন্ডে যেতে চায় ব্রাজিল। হাইতির বিপক্ষে ম্যাচ শেষে ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমরা (স্কটল্যান্ডকে) বাদ দেয়ার কথা ভাবছি না। আমরা ভালো খেলা খেলতে এবং উন্নতি করার কথা ভাবছি। ম্যাচ বিশ্লেষণ করছি। যদি গ্রুপের প্রথম স্থানে পৌঁছাতে পারি, তবে ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাই সেই ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চাই। স্কটল্যান্ডের নিজস্ব বৈশিষ্ট্য আছে। তারা সমস্যা তৈরি করতে পারে। তারা আজ মরক্কোর জন্য সমস্যা তৈরি করেছে। তাই নিজেদের ম্যাচের উপর মনোযোগ দিতে হবে, শান্ত ও স্থির থেকে উন্নতির জন্য কাজ করে যেতে হবে।’