নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে? | চ্যানেল আই অনলাইন

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে? | চ্যানেল আই অনলাইন

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায় নিয়েছিল পর্তুগাল। আসরজুড়ে জ্বলে উঠতে পারেনি ৪১ বর্ষী ক্রিস্টিয়ানো রোনালদো। মহাযজ্ঞ শেষে নতুন কোচ হিসেবে পর্তুগিজ হোর্হে জেসুসকে নিয়োগ দিয়েছে। তার ঘনিষ্ঠজনের বরাতে খবর, হোর্হের অধীনে জাতীয় দলে খেলার সুযোগ কবে যেতে পারে সিআর সেভেনের।

হোর্হে পর্তুগালের নতুন কোচ হিসেবে নিয়োগ হওয়ার পর বেনফিকার সাবেক সভাপতি লুইস ফিলিপে ভিয়েরা ইঙ্গিত দিয়েছেন, পর্তুগিজ মহাতারকা ফরোয়ার্ড আর দলের নিয়মিত প্রথম একাদশের খেলোয়াড় থাকবেন না। রোনালদোকে নিয়ে বলেছেন, আন্তর্জাতিক যাত্রা অব্যাহত রাখতে হলে জাতীয় দলে তাকেও সীমিত ভূমিকা মেনে নিতে হবে।

বেনফিকার সাবেক সভাপতি ভিয়েরা এস্তাদিও দা লুজে থাকাকালীন হোর্হের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি মনে করছেন ৭২ বর্ষী হোর্হে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঠিক পছন্দ। পর্তুগালের গণমাধ্যমে ভিয়েরা বলেছেন, ‘নতুন কোচের জন্য অন্যতম জরুরি একটি বিষয় হল, রোনালদোর ক্যারিয়ারের শেষ সময়টা কীভাবে সামাল দেয়া যায় সেদিকে লক্ষ্য রাখা। তার প্রথম একাদশে জায়গা নিয়ে প্রশ্ন ক্রমশ বাড়ছে। ২৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা অভিজ্ঞ কাউকে দলে ধরে রাখতে হলে খেলোয়াড়টিকেও বাস্তবতা মেনে নিতে হবে যে, তিনি প্রতিটি ম্যাচে খেলতে পারবেন না।’

গত মৌসুমে সৌদি প্রো লিগে হোর্হের অধীনে খেলেছেন রোনালদো। সে প্রসঙ্গে ভিয়েরা বলেছেন, ‘আমি মনে করি তিনি জানেন কীভাবে এ পরিস্থিতি সামলাতে হবে এবং তিনি ঠিকভাবে সামলাবেনও। রোনালদোর সাথে তার সম্পর্ক নিঃসন্দেহে দারুণ। রোনালদোও জানেন যে ক্যারিয়ারের শেষের কথা ভাবা হচ্ছে। তাকে সিদ্ধান্ত নিতে হবে এবং কখনও তিনি হয়তো খেলবেন, অন্যসময় খেলবেন না।’