<![CDATA[
নরসিংদীর মাধবদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে পারুল বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবদীর আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস-মুরগি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) তার ভাবি পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছেন।
আরও পড়ুন: বসতঘর থেকে রক্তাক্ত অবস্থায় স্বামী-স্ত্রীকে উদ্ধার
মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনগত পদক্ষেপ নেয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
]]>


