নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

‘আন্তর্জাতিক নারী দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজে এক বানী দিয়েছেন। তিনি বাংলাদেশের এবং বিশ্বের সকল নারীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে ঘরে-বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল আসবে না। বাংলাদেশে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। শহীদ জিয়ার শাসনামলে ১৯৭৬ সালে ‘নারী বিষয়ক দফতর’ এবং ১৯৭৮ সালে ‘মহিলা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করা হয়, যা ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এ রূপান্তরিত হয়।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি রাষ্ট্রের টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন, যা বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য বৈপ্লবিক পদক্ষেপ ছিল। বর্তমান সরকার নারী-অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকার নারীর শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি ও অর্থনীতির সব স্তরে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তারেক রহমান আরও যোগ করেন, আমরা চাই এমন একটি বাংলাদেশ যেখানে নারী-পুরুষ সমান অধিকার, সম্মান, মর্যাদা ও নিরাপত্তা পাবে। সমাজে সমতা হবে অঙ্গীকার, মর্যাদা হবে বাস্তবতা, আর ক্ষমতায়ন হবে উন্নয়নের ভিত্তি।