নারী ও শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নারীদের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সম্পূর্ণ নারী চালক, সহকারী ও ব্যবস্থাপনায় পরিচালিত ‘পিংক বাস সার্ভিস’ চালুর উদ্যোগ নেওয়া হবে।
বাজেটে কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন এবং যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন সুবিধা ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
সরকারের মতে, নারীদের কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণ বাড়াতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যেই বিভিন্ন সুরক্ষামূলক উদ্যোগের পাশাপাশি বিশেষ পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।




