নিঃস্ব মানুষগুলো ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন স্বপ্ন | বাংলাদেশ

নিঃস্ব মানুষগুলো ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন স্বপ্ন | বাংলাদেশ

<![CDATA[

ঢাকা নিউ সুপার মার্কেটের ভেতরে এখন শুধুই বিষাদের গল্প। সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো ধ্বংসস্তূপে হাতড়ে বেড়াচ্ছেন স্বপ্ন।

কারো দু-তিন দশকের জমানো টাকা, আবার কারো ঋণ বা পৈতৃক জমি বিক্রির টাকায় গড়া দোকান সব পুড়ে ছারখার। এখন ফ্যালফ্যাল করে সরকারের সদয় দৃষ্টির আশায় তাকিয়ে আছেন তারা।

রোববার (১৬ এপ্রিল) সরেজমিন ঢাকা নিউ সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে দেখা যায়, শুধুই  নিঃস্ব ব্যবসায়ীদের কান্না।

 

নিঃস্ব রিক্ত ঈষিতা নামে এক নারী ব্যবসায়ী বলেন, ঋণের টাকায় তোলা দশ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

আর পোড়া দোকানে এসে তাতেই হাতড়ে বেড়াচ্ছেন সেদিন রাতে রেখে যাওয়া দুই লাখ টাকা।

 

রিক্ত ঈষিতা বলেন, ‘আমার সব টাকা ‍পুড়ে ছাই হয়ে গেছে, ক্যাশে দুই লাখ টাকা রেখে গিয়েছিলাম। সব পুড়ে গেছে।’

 

আরও পড়ুন: আর্তনাদে ভারি নিউমার্কেট এলাকা, নিঃস্ব কয়েক হাজার মালিক-কর্মচারী

 

এদিকে দিয়েন মিয়া পোড়া কাপড়ের মাঝে খুঁজে পেয়েছেন তার বাক্সবন্দি টাকা। তবে তা পুড়ে কয়লা। তবু আগলে রেখেছেন যত্ন করে। একই অবস্থা তার পাশের দোকানির। জীবনের সবটুকু পুঁজি দিয়ে ঈদের জন্য মালামাল তুলে এখন পাগলপ্রায়। সুপার মার্কেটের প্রতিটি দোকানেরই এখন এমন একেকটি বিষাদের গল্প।

 

এ মার্কেটে দুই বন্ধু একসঙ্গে অনেক স্বপ্ন অনেক ত্যাগের বিনিময়ে একটু একটু করে গড়েছিলেন দোকান। চোখের নিমেষে তা পুড়ে ছাই হয়ে গেছে।

 

এখন অনিশ্চয়তার অন্ধকার ঘিরে ফেলেছে তাদের। সময় সংবাদের ক্যামেরার সামনে কথা বলতে গিয়ে শুধু চোখের পানি মুছলেন তারা। শুধু একটাই কথা বললেন: ‘এখন আমরা কী করে খাব, কোথায় যাব। এত টাকা ঋণ করেছি, কীভাবে পরিশোধ করব। আল্লাহ আমাদের মুখের দিকে তাকায়নি।’

 

তবু আগুনে পোড়া চোখে এখনও স্বপ্ন দেখে যদি কেউ পাশে দাঁড়ায়, হয়তো একদিন আবারও ঘুরে দাঁড়ানো যাবে। সব শেষ, নিঃস্ব এসব মানুষ। এ আগুনে নিঃস্ব হয়েছেন প্রায় দেড় হাজার দোকানের কয়েক হাজার মালিক ও কর্মচারী।

 

যদিও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের তেমন কোনো আশ্বাস আসেনি কোনো মহল থেকে। ঈদের বাকি মাত্র সপ্তাহখানেক। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ভালো বিক্রির আশায় সেহরি খেয়ে নিশ্চিন্তে ঘুমোতে যান ব্যবসায়ীরা। ঠিক তখনই ঘুমন্ত নগরীতে আগুনের হানা। ভোরের আলো না ফুটতেই আগুনের লেলিহান শিখার দখলে চলে যায় রাজধানীর নিউ সুপার মার্কেট। দানবীয় আগুনে একে একে পুড়তে থাকে ঈদ উপলক্ষে নতুন পোশাকে সজ্জিত দোকানগুলো। সেই সঙ্গে ধ্বংস হয় দোকানিদের স্বপ্ন। শনিবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টার পর আগুন লাগে।

 

ভয়াবহ আগুন নেভাতে শুধু ফায়ার সার্ভিসই নয়, যোগ দেয় সেনা, নৌ, বিমানবাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিলেন বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

 

আরও পড়ুন: ১ কোটি ১১ লাখ লিটার পানি দিল ঢাকা কলেজ

 

শনিবার ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ‘আমি সাংবাদিক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করব, কোনো নাশকতা আছে কি না, তা খতিয়ে দেখতে।’

 

এর আগে গত ৪ এপ্রিল আগুনে পুড়েছে বঙ্গবাজারসহ বেশ কয়েকটি মার্কেট।

]]>