‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ঢাকাই সিনেমার প্রযোজক আরশাদ আদনান। আগামী ২ আগস্ট, নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে বাংলা সিনেমার পূর্ণাঙ্গ চলচ্চিত্র উৎসব ‘নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর প্রথম আসর।
এ উৎসবের সার্বিক সহযোগিতায় রয়েছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশন (এবিপিএ)।
এই আয়োজনের আশরাদ আদনানের প্রযোজিত আলোচিত চলচ্চিত্র ‘প্রিয়তমা’ উৎসবটিতে ছয়টি বিভাগে মনোনয়ন অর্জন করেছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি ও গর্বের অর্জন মনে করছেন আদনান।
সংশ্লিষ্টরা জানান, এই চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক সব নিয়ম কানুন অনুসরণ করা হবে। স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিন ক্যাটাগরিতে বাংলা সিনেমা জমা, নির্বাচন, প্রদর্শন ও পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
সংস্কৃতিপ্রেমী হিসেবে পরিচিত আরশাদ আদনানের সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু হয় কবিতার প্রতি ভালোবাসা থেকে। পরবর্তীতে নাটক প্রযোজনা, অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
আরশাদ আদনের প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া থেকে নির্মিত শুরুতে ‘ইউটার্ন’ ও ‘সুলতানা বিবিয়ানা’ ছবি দুটি প্রযোজনা করেছিলেন।
কয়েক বছর বিরতির পর ২০২৩ সালে তার প্রযোজনায় হিমেল আশরাফ নির্মাণ করেন ‘প্রিয়তমা’ সিনেমা। মুক্তির পর বছরের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয় এটি।
চলচ্চিত্রটিতে ব্যবহৃত ‘ও প্রিয়তমা’ এবং ‘ঈশ্বর’ গান দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে ‘ও প্রিয়তমা’ গানটি বাংলা চলচ্চিত্রের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত গানের একটি হিসেবে বিবেচিত হয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছে যায়।
‘প্রিয়তমা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খান নতুনভাবে দর্শকদের কাছে নিজেকে মেলে ধরেন।
অন্যদিকে, কলকাতার অভিনেত্রী ইধিকা পাল প্রথম চলচ্চিত্রেই অভিনয় দক্ষতার মাধ্যমে দুই বাংলার দর্শকের প্রশংসা কুড়ান। একই সঙ্গে পরিচালক হিমেল আশরাফও নির্মাতা হিসেবে নতুন উচ্চতায় পৌঁছান।
চলচ্চিত্রটির বাণিজ্যিক সাফল্য, সংগীতের জনপ্রিয়তা এবং সংশ্লিষ্ট শিল্পীদের অর্জনের পেছনে প্রযোজক হিসেবে আরশাদ আদনের ভূমিকা বিশেষভাবে আলোচিত হয়।
‘প্রিয়তমা’ সিনেমার পর শাকিব খানকে নিয়ে তার প্রযোজনায় নির্মিত ‘রাজকুমার’ সিনেমাও দর্শকপ্রিয়তা পায় এবং বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয়।





