বলিউডের আইকনিক প্রেমের সিনেমার কথা উঠলেই যে কটি নাম সবার আগে আসে, তার মধ্যে অন্যতম ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ (ডিডিএলজে)। মুক্তির তিন দশক পেরিয়েও শাহরুখ খান ও কাজল অভিনীত এই ছবির আবেদন এতটুকুও কমেনি। বরং সিনেমার অসংখ্য দৃশ্য আজও দর্শকের মনে গেঁথে আছে।
এর মধ্যে সবচেয়ে স্মরণীয় দৃশ্যগুলোর একটি হচ্ছে, লন্ডন থেকে পাঞ্জাবে এসে সরিষা ক্ষেতে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন শাহরুখ, আর দূর থেকে ছুটে আসছেন কাজল! প্রেমের প্রতীক হয়ে ওঠা সেই মুহূর্ত আজও অসংখ্য মিম, পোস্ট আর ভিডিওতে ঘুরে ফিরে আসে।
ঠিক এমনই এক দৃশ্যের দেখা মিলেছে এবার বাংলাদেশে! তবে সরিষা ক্ষেত নয়, মানিকগঞ্জের সবুজ ধানক্ষেতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দূর থেকে তোলা ঘোলা একটি ছবিতে দেখা যায়, এক যুবক দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন, যেন প্রিয় মানুষটির অপেক্ষায়। আর সেই একটি ছবিই নেটিজেনদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে— তাহলে কি বাংলাদেশেই নির্মিত হচ্ছে ‘ডিডিএলজে’?
ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই মজা করে মন্তব্য করেছেন, “রাজ আর সিমরন এবার বুঝি বাংলাদেশে!” কেউ আবার লিখেছেন, “সরিষা ক্ষেতের বদলে ধানক্ষেত, তবে প্রেমটা একই রকম!” সামাজিক মাধ্যমে এমন রসিক মন্তব্যে ভরে গেছে মন্তব্যের ঘর।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিষয়টি আসলে তেমন কিছু নয়। ভাইরাল হওয়া ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের একটি নতুন ওয়েব কনটেন্টের শুটিং থেকে তোলা।
যদিও কনটেন্টটির নাম, গল্প কিংবা শিল্পীদের পরিচয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি সংশ্লিষ্টরা। ফলে ধানক্ষেতের সেই রহস্যময় দৃশ্য আপাতত কৌতূহলই বাড়িয়ে চলেছে।





