নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সমর্থন করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে তাকে ওই পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করার স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার মূল পরিকল্পনাকারী’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, তার প্রশাসন খতিয়ে দেখেছে, নেতানিয়াহু নিউইয়র্কে এলে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার কোনো আইনি পথ রয়েছে কি না। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মামদানি বলেন, আমাদের প্রশাসন প্রযোজ্য আইনের আওতায় সম্ভাব্য সব পথ পর্যালোচনা করেছে, যাতে বোঝা যায় বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব কি না। কিন্তু আমরা দেখেছি, এ ধরনের পরোয়ানা কার্যকর করার ক্ষমতা কেবল ফেডারেল সরকারের হাতে রয়েছে।

তবে তিনি স্পষ্ট করে বলেন, আমি এটাও পরিষ্কার করে বলতে চাই- বেনিয়ামিন নেতানিয়াহুকে নিউইয়র্ক সিটিতে স্বাগত জানানো হবে না। একইভাবে, মুক্ত অবস্থায় থাকা অন্য কোনো যুদ্ধাপরাধীকেও এখানে স্বাগত জানানো হবে না। মামদানির এই বক্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না।

এর আগে মামদানি বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা তিনি বিবেচনা করছেন। ২০২৪ সালে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় ইসরাইলের সামরিক অভিযানে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।