নোবেল না পেয়ে নোবেল কমিটির কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

নোবেল না পেয়ে নোবেল কমিটির কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe


নোবেল না পেয়ে নোবেল কমিটির কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ০৯ অক্টোবর – চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার নিজের ঝুলিতে না আসায় নরওয়েজিয়ান নোবেল কমিটির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাভানেথেম (নাভি) পিল্লাই এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

শুক্রবার (৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ অন্য এক ব্যবহারকারীর একটি পোস্ট রি-শেয়ার করার মাধ্যমে নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।

ট্রাম্পের শেয়ার করা পোস্টে যা বলা হয়েছে

ট্রাম্প নিজে পোস্টটি না লিখলেও সেটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করে নাভি পিল্লাইয়ের তীব্র সমালোচনা করেন। ওই পোস্টে পিল্লাইকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘কট্টর বিদ্বেষী’ বলে আখ্যা দেওয়া হয়।

পোস্টে অভিযোগ করা হয়, জাতিসংঘের হয়ে তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়ে পিল্লাই ‘সন্ত্রাসীদের উদযাপন’ করেছেন এবং গাজায় ইসরায়েলের বিরুদ্ধে ‘মিথ্যা গণহত্যা তদন্তের’ সিদ্ধান্ত নিয়েছেন। নোবেল কমিটি পিল্লাইকে এই পুরস্কার দিয়ে ‘নিজেদের অপূরণীয়ভাবে কলঙ্কিত করেছে’ বলেও ওই পোস্টে দাবি করা হয়।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রকাশ্য ইচ্ছা পোষণ করে আসছেন। শেয়ার করা ওই পোস্টে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা এবং জিম্মি মুক্তিতে ট্রাম্পের অবদানের কথা তুলে ধরে বলা হয়, প্রকৃত অর্থে ট্রাম্পই এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন।

নোবেলজয়ী নাভি পিল্লাই ও ইসরায়েলের প্রতিক্রিয়া

শুক্রবার জার্মানির নুরেমবার্গে একটি অনুষ্ঠানে অবস্থানকালে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর পান নাভি পিল্লাই। সহকর্মীদের উষ্ণ অভিনন্দন ও করতালির মধ্যে রসিকতা করে তিনি বলেন, “আপনারা যদি আরেকটু জোরে হাততালি দেন, তাহলে হয়তো এই পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!” তার এই মজার মন্তব্যে উপস্থিত সবাই হেসে ওঠেন।

উল্লেখ্য, পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের একটি তদন্ত কমিশন এর আগে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছিল, যা নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও পিল্লাইয়ের নোবেল পাওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন।

এদিকে নোবেল কমিটি জানিয়েছে, একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা পরিবর্তন বা অন্য কারও সঙ্গে ভাগ করে নেওয়ার কোনো সুযোগ নেই।

এনএন/ ০৯ অক্টোবর ২০২৬