নোয়াখালীতে এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

নোয়াখালীতে এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান পড়ে শিক্ষার্থী আহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর মাথার ওপর সিলিং ফ্যান খুলে পড়ে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থীর মাথার একপাশ কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জাফরুল হুসাইনের ছেলে মো. নিয়ামুল হাসান। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার রোল নম্বর ১৯২২৬৭।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যান খুলে সরাসরি শিক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের আঘাতে সে আহত হয় এবং মাথায় কেটে যায়। ঘটনার পরপরই কক্ষে থাকা অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষার কার্যক্রমে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে তাকে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়।

চিকিৎসা নিতে সময় লাগায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা শেষ করার সুযোগ দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ সিলিং ফ্যান থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে একজন পরীক্ষার্থী আহত হয়। পরে তাকে চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়। ঘটনাস্থলে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।