পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক | চ্যানেল আই অনলাইন

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক | চ্যানেল আই অনলাইন

পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখে ফুটপাত ব্যবস্থাপনা নিশ্চিতের পাশাপাশি হকারদের সুশৃঙ্খলভাবে পুনর্বাসনের কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন–এর প্রশাসক মো. আবদুস সালাম। শনিবার রাজধানীর হক আবাসিক সোসাইটি এলাকায় রাস্তা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসির অঞ্চল-২ এর আওতাধীন এ এলাকায় লেন ও বাই-লেনসহ প্রায় ১ দশমিক ১ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং পাইপ নর্দমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা। প্রকল্পটি ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, সরকার উন্নয়নকাজে গুরুত্ব দিচ্ছে এবং সিটি কর্পোরেশনের কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে। স্থানীয় নাগরিক সমস্যার সমাধান ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে বলেও তিনি জানান।

ফুটপাত ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রশাসক বলেন, অতীতে অনিয়ন্ত্রিতভাবে ফুটপাত ও সড়ক দখলের কারণে জনভোগান্তি তৈরি হতো। এখন নির্ধারিত স্থান ও সময় অনুযায়ী সীমিত সংখ্যক হকার বসার সুযোগ দেওয়া হবে। এতে একদিকে যেমন পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন থাকবে, অন্যদিকে হকারদের জীবিকাও সুরক্ষিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি। তিনি বলেন, নতুন সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা, তা পূরণে ডিএসসিসি সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করবে বলে তিনি বিশ্বাস করেন। উন্নয়ন কার্যক্রমে নতুন সংযুক্ত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়ায় তিনি প্রশাসককে ধন্যবাদ জানান।

এ সময় ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।