পাকিস্তানের মাটিতে ২১ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারাল ৫৫ রানে – DesheBideshe

পাকিস্তানের মাটিতে ২১ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারাল ৫৫ রানে – DesheBideshe


পাকিস্তানের মাটিতে ২১ বছর পর ওয়ানডে জিতল ইংল্যান্ড, শ্রীলঙ্কাকে হারাল ৫৫ রানে – DesheBideshe
ওয়ানডে জিতল ইংল্যান্ড

লন্ডন,৩০ অক্টোবর-পাকিস্তানের মাটিতে ওয়ানডে জয়ের দীর্ঘ ২১ বছরের অপেক্ষা শেষ করেছে ইংল্যান্ড। লাহোরে ৭১৭ রানের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়েছে ইংলিশরা। বেন ডাকেটের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়ার পর পবন রথনায়েকের শতক সত্ত্বেও জয় তুলে নেয় ইংল্যান্ড।

পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড সর্বশেষ ওয়ানডে জিতেছিল ২০০৫ সালের ডিসেম্বরে। দীর্ঘ বিরতির পর পাওয়া এই জয় দলটির জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। চলতি ত্রিদেশীয় সিরিজে টানা তিন হারের পর এটিই ইংল্যান্ডের প্রথম জয়।

লাহোরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩৮৬ রান করে ইংল্যান্ড। দলের বড় সংগ্রহ গড়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ওপেনার বেন ডাকেট। বাঁহাতি এই ব্যাটার ১৩২ বলে ২৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১৬৭ রান করেন।

ডাকেটের পাশাপাশি ব্যাট হাতে ভালো অবদান রাখেন টম ব্যান্টন। তিনি ৭৫ বলে করেন ৭৪ রান। অধিনায়ক হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪৪ রান। এ ছাড়া উইল জ্যাকস ২১ বলে ৩০, জর্ডান কক্স ২৭ বলে ৪৩ এবং স্যাম কারান ১২ বলে অপরাজিত ২১ রান করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাও ভালো লড়াই করে। ৪৫.১ ওভারে ৩৩১ রানে অলআউট হওয়ার আগে ইংল্যান্ডের বোলারদের ওপর বেশ চাপ তৈরি করেন লঙ্কান ব্যাটাররা।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে বেশি ১১৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন পবন রথনায়েকে। মাত্র ৭৭ বলে ১৫টি চার ও একটি ছক্কার সাহায্যে সাজানো তাঁর এই ইনিংস দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তবে সতীর্থদের কাছ থেকে শেষ পর্যন্ত যথেষ্ট সমর্থন না পাওয়ায় তাঁর লড়াই কাজে আসেনি।

এর আগে কামিন্দু মেন্ডিস মাত্র ৪ রানে আউট হলেও আভিষ্কা ফার্নান্দো ও কুশল মেন্ডিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। আভিষ্কা ৫০ বলে ৪৮ রান করেন। অন্যদিকে, কুশল ৭১ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। তাঁদের ব্যাটে একপর্যায়ে ২ উইকেটে ১৭৭ রান তুলে জয়ের সম্ভাবনা তৈরি করে দলটি।

কিন্তু এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা। রথনায়েকে এক প্রান্ত ধরে রেখে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের বোলারদের সামনে টিকতে পারেনি দলটি।

ইংল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন লিয়াম ডসন। তিনি চারটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার রান তাড়ায় বড় বাধা হয়ে দাঁড়ান। সনি বেকার নেন দুটি উইকেট।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬