পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচনে দেরি হলো কেন

পাকিস্তানে তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচনে দেরি হলো কেন

গত ৯ আগস্ট পাকিস্তানের জাতীয় পরিষদ বিলুপ্ত করা হয়। এরপরই সংবিধান অনুযায়ী শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের প্রক্রিয়া। ১০ আগস্ট বিষয়টি নিয়ে প্রথম আলোচনায় বসেন শাহবাজ ও রাজা রিয়াজ। সেদিন দুই নেতা একে অপরকে সম্ভাব্য প্রার্থীদের নাম দেন। পরে গতকাল শুক্রবার রাতে দ্বিতীয় দফায় আলোচনা হয়। এরপর আজকের আলোচনার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক প্রধানের নাম চূড়ান্ত করা হয়।

পাকিস্তানের বর্তমান রাজনীতির ভেতরের খবর নিয়ে জানাশোনা আছে এমন কয়েকটি সূত্র ডনকে জানিয়েছে, তত্ত্বাবধায়ক প্রধান নির্বাচনে দেরি হওয়ার জন্য রাজা রিয়াজ দায়ী বলে মনে করা হচ্ছে। তাঁকে সরকার ঘনিষ্ঠ বিরোধীদলীয় নেতা হিসেবেই মনে করা হতো। তবে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচন ইস্যুতে তিনি রূপ বদলান। এ পদের জন্য শাহবাজের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) যাঁদের নাম প্রস্তাব করেছিল, তা মেনে না নিয়ে নিজের প্রার্থী নির্বাচনে দর-কষাকষি শুরু করেন তিনি।

সূত্র জানায়, পিএমএল-এন প্রধান নওয়াজ শরিফ তাঁর ছোট ভাই শাহবাজের মাধ্যমে সাবেক অর্থমন্ত্রী ইশাক দারকে তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে বাছাই করতে চাপ দিচ্ছিলেন। ইশাক দার না হলে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিও ছিলেন নওয়াজের পছন্দের তালিকায়। তবে সিনেট চেয়ারম্যান সাদিক সাঞ্জরানিকে তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে নিয়োগ দিতে জোরালো অবস্থান নেন রাজা রিয়াজ। গত শুক্রবার রাজা রিয়াজ, ইশাক দার ও আহসান ইকবালের সঙ্গে দেখা করেন সাদিক সাঞ্জরানি। শেষ পর্যন্ত আনোয়ারুল হককে নিয়োগে দুপক্ষ ঐকমত্য হয়।