<![CDATA[
বিশ্বকাপ জয়ের উদযাপন শেষ করে অবশেষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বুয়েনোস আইরেসের এল মনুমেন্তাল স্টেডিয়ামে পানামার মুখোমুখি হবে লিওনেল মেসির দল।
শক্তির বিচারে বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ঢের পিছিয়ে পানামা। ৩২ দলের যেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে লিওনেল মেসির দল, সেখানে খেলার সুযোগই পায়নি উত্তর আমেরিকার দেশটি। এখন পর্যন্ত দুই দেশ মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুবার। তাতে দুবারই বাজেভাবে হেরেছে পানামা।
আগামীকালের ম্যাচে আর্জেন্টাইনদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপ জয়। আর ঘরের মাঠের হাজার হাজার দর্শক তো বাড়তি অনুপ্রেরণাই যোগাবে লিওনেল মেসিদের। তাই অপেক্ষাকৃত দুর্বল দল পানামার বিপক্ষে জেতাটা খুব একটা কঠিন হবে না আর্জেন্টাইনদের জন্য।
আরও পড়ুন: বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন যেভাবে
ম্যাচকে সামনে রেখে বেশ কয়েকদিন আগেই আর্জেন্টিনায় পৌঁছেছেন স্ক্যালোনির শিষ্যরা। মেসি গিয়েছিলেন পিএসজির হয়ে রেনের বিপক্ষে হারার পর। যোগ দিয়েছেন স্কোয়াডের বাকিরাও। তবে বিশ্বকাপজয়ী দলের মধ্য থেকে কারা নামবেন শুরুর একাদশে এই মুহূর্তে সেটা বোঝা কঠিন। কারণ ম্যাচের আগে এমন কোনো সূত্রই দেননি আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এমনকি প্রস্তুতির সময় দল অনুশীলন করেছে ভিন্ন ভিন্ন ভাগ হয়ে।
ধারণা করা যাচ্ছে, বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রথম একাদশকেই এই ম্যাচেও শুরুতেই মাঠে নামাবেন লিওনেল স্কালোনি। তবে শেষমেশ কারা থাকে সেরা একাদশে সেটা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নাহুয়েল মলিনা, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও ডি মারিয়া।
]]>



