‘পাহাড়ের চূড়ায় থাকতে হলে লড়াই করতেই হবে’ | চ্যানেল আই অনলাইন

‘পাহাড়ের চূড়ায় থাকতে হলে লড়াই করতেই হবে’ | চ্যানেল আই অনলাইন

মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় ‘রকস্টার’ সিনেমার স্পেশাল স্ক্রিনিং। যেখানে উপস্থিত হয়েছিলেন সুপারস্টার শাকিব খান।

এসেই তিনি সংবাদ মাধ্যমের সামনে এই সিনেমা ঘিরে চলমান নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হন। ‘রকস্টার’ সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র এবং উদ্দেশ্যপ্রণোদিত নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন শাকিব খান।

সিনেমার ভালো দিকগুলো সম্পূর্ণ আড়াল করে শুধু নেতিবাচক রিভিউগুলো কেটে কেটে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এমনকি বগুড়ার এক নামী প্রেক্ষাগৃহের মালিকের আক্ষেপমাখা মন্তব্যকেও তিনি তুলে ধরেন।

শাকিব খান বলেন, “একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। শুধুমাত্র নেগেটিভ রিভিউগুলো কেটে কেটে প্রচার করলো প্রথম দিন—এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? সান মোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?”

শাকিব খান স্পষ্ট করেই বলেন, কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। নতুন ধারার গল্প নিয়ে সিনেমা যখনই এগিয়ে যেতে চায়, তখনই তারা টেনে পেছনে নামানোর চেষ্টা করে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, দর্শককে চেনা ছকের মারামারির মধ্যেই আটকে রাখার প্রবণতা রয়েছে।

তবে এই ধরনের বক্স অফিস পলিটিক্সকে তিনি ইন্ডাস্ট্রির বাস্তবতা হিসেবেই দেখছেন। দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে এমন চ্যালেঞ্জ স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, সাময়িকভাবে ইউটিউবাররা ভিউয়ের আশায় নেতিবাচক কন্টেন্ট ছড়ালেও, দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক ফেরার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে—দিন শেষে সত্যেরই জয় হয়।

শাকিব তার ক্যারিয়ারে পলিটিক্সের শিকার কখন থেকে তা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “২৭ বছরের ক্যারিয়ারে এবারই প্রথম পলিটিক্সের শিকার আমি এটা বলব না। আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। আমি এখন আর এটাকে পলিটিক্স এর শিকার – ফিকার বলি না।”

“আমি মনে করি পাহাড়ের চূড়ায় উঠতে হলে অনেক কষ্ট করে। স্ট্রাগল করেই উঠতে হয়। আবার যদি পাহাড়ের চূড়ায় থাকতে হয় তা হলে অনেক কষ্ট ও স্ট্রাগল করেই থাকতে হবে। ইট ইজ পার্ট অব আওয়ার ক্যারিয়ার।”-বলেন শাকিব।