
খুলনা, ২৫ এপ্রিল – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে তাদের আচরণ, দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধে ইতিবাচক পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বারোপ করে বলেন যে, পুলিশ জনগণের সেবক এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করাই বাহিনীর প্রধান লক্ষ্য।
থানাকে সাধারণ মানুষের জন্য সহজগম্য এবং জনবান্ধব আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তিনি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন।
শনিবার খুলনা বিভাগের বিভিন্ন পুলিশ ইউনিটের প্রধান ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনি ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ডিজিটাল প্রযুক্তি ও সাইবার ট্র্যাকিংসহ আইনি সকল কার্যক্রমের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি।
মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে তিনি পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানান।
তিনি মনে করেন, সমাজের সচেতন ব্যক্তিদের নিয়ে সামাজিক প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা গেলে অপরাধ দমনে দীর্ঘমেয়াদি ইতিবাচক ফল পাওয়া সম্ভব। সভায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধের ক্ষেত্রে দ্রুত তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে পুলিশ লাইন্সে আইজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং তিনি সেখানে একটি জাবুটিকাবা গাছের চারা রোপণ করেন।
এছাড়া তিনি লবণচরা গুলজান সিটিতে নির্মাণাধীন নতুন থানা ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন এবং প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬






