পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় কে এই অভিনেত্রী

পুলিশের ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় কে এই অভিনেত্রী

ভারতের নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান আন্দোলনের সময় পুলিশের একটি ভ্যানের সামনে দাঁড়িয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী, মডেল, উপস্থাপক ও উদ্যোক্তা রিয়া আহির। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।

২৭ বছর বয়সী রিয়া আহির মুম্বাইয়ের শিবাজী পার্ক এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে পুলিশের একটি ভ্যানের পথরোধ করেন। তার দাবি, যেসব শিক্ষার্থীকে পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তাদের আটকের পেছনে কোনো বৈধ নির্দেশ ছিল না।

রিয়ার ভাষ্য অনুযায়ী, সেদিন বিকেল সাড়ে ৪টার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থীকে একটি পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। বিষয়টি জানতে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে আটকের লিখিত নির্দেশ দেখতে চান। সন্তোষজনক জবাব না পেয়ে তিনি ভ্যানটির সামনে গিয়ে দাঁড়ান।

তিনি বলেন, প্রথমে ভ্যানে থাকা এক নারী আন্দোলনকারীর পাশে হাঁটছিলেন। পরে মনে হয়, এতে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। তখন কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই তিনি সরাসরি ভ্যানের সামনে অবস্থান নেন।

তার এই পদক্ষেপের পর ঘটনাস্থলে থাকা আরও অনেক শিক্ষার্থী ও তরুণ-তরুণী প্রতিবাদে যোগ দেন। অল্প সময়ের মধ্যেই বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। পুলিশের ভ্যান আটকে দেওয়ার সেই দৃশ্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনার পর রিয়া জানান, রাতভর তিনি ঘুমাতে পারেননি। ভোর সাড়ে ৫টা পর্যন্ত জেগে ছিলেন। তবে একদিনের মধ্যে দেশজুড়ে পরিচিতি পেলেও নিজেকে আন্দোলনের মুখ বা নেতা হিসেবে দেখতে চান না তিনি। তার ভাষ্য, একজন সচেতন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধ থেকেই তিনি ওই পদক্ষেপ নিয়েছেন।

আরও পড়ুনঃ আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন মমতা

রিয়া আহির অভিনয়, মডেলিং ও উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক সামাজিক ইস্যুতেও নিয়মিত সক্রিয়।