পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। নাহিদ রানার গতি এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে সফরকারীদের ১১৪ রানে গুটিয়ে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। দাপুটে জয়ের বিষয়টি র্যাঙ্কিংয়ের দৌড়ে ‘ইতিবাচক’ হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সোয়া দুটায় গড়াবে লড়াই। খেলা সরাসরি দেখা যাবে ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিনে, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে।
দ্বিতীয় ম্যাচের আগে বিশ্রামে দিন কাটিয়েছেন দুদলের ক্রিকেটাররা। সন্ধ্যার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া ভিডিও বার্তায় মিরাজ জানান, বছরের শুরুতে পাকিস্তানকে হারানো দলের জন্য একটি বড় প্রাপ্তি।
মিরাজ বলেন, ‘শুরুটা আমাদের খুবই ভালো হয়েছে। আমরা কালকের ম্যাচটা জিতেছি এটা আমাদের জন্য ইতিবাচক দিক। অনেক ওডিআই ম্যাচ আছে এবং র্যাঙ্কিংয়ের একটি বিষয় রয়েছে, তাই বলবো শুরুটা ভালোয় হয়েছে।’
বোলিংয়ে ফেরার লড়াই মাঝে কিছুটা সময় স্ট্রাগল করেছিলেন মিরাজ। কঠোর পরিশ্রমের মাধ্যমে অবশ্য ছন্দে ফিরেছেন এই স্পিনার। জানালেন, নিজের উন্নতির জায়গাগুলো চিহ্নিত করে বিসিএলের ম্যাচগুলোতে তা প্রয়োগ করার চেষ্টা করছেন। মিরাজ বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে বোলিং নিয়ে কাজ করেছি। কালকের ম্যাচে বোলিং অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল এবং লাইন-লেন্থ সঠিক জায়গায় ছিল। উইকেটটা অনেক ভালো ছিল। এই উইকেটে যদি লাইন-লেন্থ মেইনটেইন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’
আগামীকালকের ম্যাচ নিয়েও নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ট্রু উইকেটে স্পিনার হিসেবে বল করা চ্যালেঞ্জিং হলেও বেশ আত্মবিশ্বাসী মিরাজ। বলেছেন, ‘আমি যদি সঠিক জায়গায় বল করতে পারি এবং লাইন-লেন্থ ঠিক রাখতে পারি, তবে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’






