কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।
বন বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, খাদ্য সংগ্রহের উদ্দেশ্যে হাতিটি খাড়া পাহাড়ের ঢাল অতিক্রম করার সময় টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে হাতিটি প্রায় ৩০০ ফুট নিচে শিলাপাথরযুক্ত একটি ঝর্ণায় পড়ে গুরুতর আহত হয়। ঘটনার খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে আহত হাতিটির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এর পরপরই বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
বর্তমানে হাতিটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে বন বিভাগ। হাতিটির পেটে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে, পেছনের একটি পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত রয়েছে। প্রচণ্ড ব্যথার কারণে এটি দাঁড়াতে পারছে না। প্রতিকূল আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের মধ্যেও বিশেষজ্ঞ মেডিক্যাল টিম নিরলসভাবে চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেছেন। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দল হাতিটির পেটের ক্ষতস্থানে প্রয়োজনীয় অস্ত্রোপচারসদৃশ চিকিৎসা, সেলাই এবং অন্যান্য জরুরি চিকিৎসাসেবা দিচ্ছেন।
চিকিৎসা কার্যক্রমের অগ্রগতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এদিকে আহত হাতিটির নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, জেলা প্রশাসন, বন বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বোচ্চ চিকিৎসা, নিবিড় পরিচর্যা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বন্য হাতিটিকে সুস্থ করে পুনরায় তার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।





