
সংগৃহীত
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন করেন।
সোমবার ০৯ নভেম্বর ঢাকা সেনানিবাসে অবস্থিত প্রয়াস প্রাঙ্গণে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং ঢাকা প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা।
এ সময় প্রয়াসের শিক্ষার্থীরা ডা. জুবাইদা রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টার সহধর্মিণী ইশরাত শামস মলি।

পরিদর্শনের শুরুতে ডা. জোবায়দা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে অবহিত করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।
এ সময় ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসে শিক্ষার্থীদের সাফল্য এবং তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডে তাদের অর্জন দেশের জন্য গৌরব বয়ে এনেছে বলে উল্লেখ করেন। এ জন্য তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান এবং সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ডা. জুবাইদা রহমান প্রয়াসের পৃষ্ঠপোষকবৃন্দ, পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি প্রয়াসের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের সদস্যগণ ও শিক্ষার্থীদের পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




