রাজধানীতে নাগরিক সেবা ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে বড় ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নতুন নয়টি সফটওয়্যার, অ্যাপ ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধনের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সারওয়ার।
আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক পুলিশিং ব্যবস্থায় প্রযুক্তির বিকল্প নেই। বিশেষ করে ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তে চালু করা ‘এআইএস রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম’ স্থানীয় প্রযুক্তিতে তৈরি একটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন। এই সিস্টেমের মাধ্যমে ডিজিটালভাবে মামলা প্রক্রিয়া পরিচালনা করা যাবে, ফলে আইন প্রয়োগ আরও দ্রুত ও কার্যকর হবে।
কমিশনার জানান, ইতোমধ্যে রাজধানীর প্রায় ৭০টি গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, যার ফলে যানজট নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন এসেছে। ট্রাফিক ব্যবস্থাপনায় স্পিড ক্যামেরা, ভিডিও মামলার ব্যবস্থা, ডিজিটাল ডাটাবেজ সংযুক্তি এবং চালকদের বিরুদ্ধে পয়েন্টভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও এক্সপ্রেসওয়েতে নজরদারিও জোরদার করা হয়েছে।
নতুন উদ্যোগের অংশ হিসেবে ‘হ্যালো ডিএমপি’ অ্যাপ, সিটিজেন ম্যানেজমেন্ট সিস্টেম, ভেহিকল ট্র্যাকিং এবং সাইবার সাপোর্ট সেন্টার চালু করা হয়েছে বলে জানান তিনি। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা সহজেই পুলিশের সেবা নিতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন অনলাইনে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীজুড়ে আরও ১১ হাজার সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকদের পাঠানো ভিডিও যাচাই করে ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে রাজধানীতে একটি প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও কার্যকর পুলিশিং ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা নাগরিকদের জীবনযাত্রা সহজ করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।






