প্রাক্তন স্বামীর প্রয়াণ দিনে আবেগঘন কারিশমা! | চ্যানেল আই অনলাইন

প্রাক্তন স্বামীর প্রয়াণ দিনে আবেগঘন কারিশমা! | চ্যানেল আই অনলাইন

২০২৫ সালের ১২ জুন আচমকাই খবর এসেছিল অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। তার সেই মৃত্যুর এক বছর কেটে গেল। সেসময় প্রাক্তন স্বামীর মৃত্যুর খবর পেয়ে যেন একেবারে চুপ হয়ে গিয়েছিলেন অভিনেত্রী কারিশমা কাপুর। এবার সঞ্জয়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ এক পোস্ট দিলেন অভিনেত্রী।

কারিশমা যে অনেক কিছু লিখেছেন, তা নয়। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “১২/৬/২০২৫। সঞ্জয় আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন।” সঙ্গে ছিল কয়েকটা স্টিকার।

অন্যদিকে সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব কাপুরও স্বামীর স্মৃতিতে একটি আবেগঘন বার্তা ভাগ করে নেন। তিনি লেখেন, “তুমি আমাদের ছেড়ে চলে যাওয়ার এক বছর পেরিয়ে গেছে। কিন্তু প্রতিদিনই তোমার উপস্থিতি অনুভব করতে পারি। তুমি কখনও স্থির হয়ে বসে থাকার মানুষ ছিলে না। জীবনের প্রতি তোমার উদ্দীপনা, কৌতূহল ও দৃঢ় বিশ্বাস আশপাশের মানুষকে বড় স্বপ্ন দেখতে আরও কঠোর পরিশ্রম করতে এবং নিজেদের সেরাটা দিতে অনুপ্রাণিত করেছে।”

তিনি আরও বলেন, “তুমি যে মূল্যবোধে বিশ্বাস করতে, এবং যে ভালবাসা নিঃস্বার্থ ভাবে বিলিয়ে গিয়েছ, তার মধ্যেই তুমি আজও বেঁচে আছ। তোমার ভালবাসাই আমাদের শক্তি আর তোমার স্মৃতিই আমাদের আশীর্বাদ।”

সঞ্জয়ের মৃত্যুর পর তার রেখে যাওয়া প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে আইনি বিরোধ চলছে। এই বিরোধে জড়িয়েছেন তার সন্তানেরা, স্ত্রী প্রিয়া, শিল্পপতির মা রানি কাপুর এবং পরিবারের অন্য সদস্যরাও।

২০২৫ সালের ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে সঞ্জয়ের আকস্মিক মৃত্যু হয়। জানা যায়, খেলার সময় তিনি একটি মৌমাছি গিলে ফেলেছিলেন এবং পরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনা ঘটে।