রাতে বিশ্বকাপ মহারণ ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা। ফাইনালের আগে লিওনেল মেসি সমর্থক, সতীর্থ এবং কোচিং স্টাফদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন। জাতীয় দলের হয়ে তার অসাধারণ যাত্রার কথা তুলে ধরেছেন।
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কেবল শিরোপা নয়, বরং পুরো যাত্রার কথাই লিখেছেন। এই পোস্টের পর বেশ ভালোই আলোচনায় এসেছে তার অবসরের বিষয়টা। অনেকে মনে করছেন ‘যাত্রা’ কথা উল্লেখ করা হয়ত ৩৯ বর্ষী মহাতারকার ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত। তবে এ বিষয় কোনকিছু এখনও খোলাসা করেননি এলএমটেন।
বিশ্বকাপ ফাইনালের আগের রাতে সকল আর্জেন্টাইনদের উদ্দেশে মেসির লিখেছেন, ‘এই সমস্ত বছরগুলোর সবচেয়ে সুন্দর জিনিসটি কেবল শিরোপা নিয়ে ছিল না, বরং ছিল পুরো যাত্রাটা।’
‘এই দলের সাথে দৈনন্দিন জীবন ভাগ করে নেয়া, একসাথে প্রতিযোগিতা করা, কঠিন মুহূর্তে নিজেদেরকে সামলে নেয়া প্রতিটি পদক্ষেপ উপভোগ করেছি। আমার প্রত্যেক সতীর্থকে, কোচিং স্টাফকে এবং সেই সমস্ত মহান মানুষদের ধন্যবাদ, যারা এই জাতীয় দলকে একটি পরিবারের আদর্শ হিসেবে টিকিয়ে রাখার জন্য প্রতিদিন পরিশ্রম করেছেন।’
‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যেই একটি ইতিহাস গড়েছে যা ভোলার নয়। ভামোস আর্জেন্টিনা।’
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মহাযজ্ঞের ফাইনালে স্পেনের বিপক্ষে নিজের এবং দলের টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে নামবে মেসি। একমাত্র অধিনায়ক হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে তাকে।





