চাইনিজ তাইপের বিপক্ষে গত সপ্তাহে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই দারুণ লড়াই করে ড্র করেছিল বাংলাদেশ নারী হকি দল। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই এশিয়ান গেমসের বাছাই ফাইনালে নেমেছিল তারা। তবে লড়াইয়ে শেষপর্যন্ত ছন্দটা ধরে রাখতে পারেনি মেয়েরা। লিড নিয়েও তাদের বিপক্ষে হারল লাল-সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় বুধবার সেরা হওয়ার লড়াইয়ে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ।তাতে নারী হকি দল এশিয়ান গেমস বাছাই টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে। চাইনিজ তাইপের বিপক্ষে গ্রুপ পর্যায়ের ম্যাচে বাংলাদেশ ৫-৫ গোলে ড্র করেছিল।
ফাইনাল ম্যাচে অধিনায়ক অর্পিতা পালের গোলে লিড নেয় বাংলাদেশ। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিনি গোল করেন। প্রথম কোয়ার্টারে চাইনিজ তাইপে আর সমতা আনতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে ওয়াং চিউ ফিল্ড গোল করেন। ১-১ সমতা নিয়ে দুদল বিরতিতে যায়।
তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে চাইনিজ তাইপে ফিল্ড গোল করে লিড নেয়। আট মিনিট পর আরেকটি গোল পেলে তাইপে জয়ের সুবাতাস পায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ একাধিক পেনাল্টি কর্নার পেয়েও গোল করতে পারেনি।
নারী হকিতে বাংলাদেশের জাতীয় দলই ছিল না। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে ইতিহাস সৃষ্টি করেছে। সেমিফাইনালে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে শিরোপা লড়াইয়ে উঠেছিলেন অর্পিতারা।





