ফিফা বিশ্বকাপের নিরাপত্তায় কানাডার ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ – DesheBideshe

ফিফা বিশ্বকাপের নিরাপত্তায় কানাডার ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ – DesheBideshe


ফিফা বিশ্বকাপের নিরাপত্তায় কানাডার ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ – DesheBideshe

অটোয়া, ১ মে – আসন্ন ফিফা বিশ্বকাপের নিরাপত্তা কার্যক্রম আরও সুদৃঢ় করতে বড় অংকের আর্থিক বরাদ্দের ঘোষণা দিয়েছে কানাডা সরকার। দেশটির জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বুধবার টরন্টোতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান যে, বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ ১৪৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই অর্থ মূলত সংশ্লিষ্ট প্রদেশ ও স্থানীয় প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করবে।

জননিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারি বলেন, এই বরাদ্দের মাধ্যমে সাধারণ মানুষ অত্যন্ত নিরাপদে টুর্নামেন্ট উপভোগ করার সুযোগ পাবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুশৃঙ্খল ইভেন্ট উপহার দিতে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল নিশ্চিত করতে পারবে। নির্ধারিত এই তহবিলের মধ্যে টরন্টো শহরের নিরাপত্তার জন্য প্রায় ৪৫ মিলিয়ন ডলার এবং ভ্যাঙ্কুভারের জন্য ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

এই বিনিয়োগটি কানাডার আয়োজক শহরগুলোর জন্য ফেডারেল সরকারের ইতিপূর্বে দেওয়া ২২০ মিলিয়ন ডলারের অতিরিক্ত একটি অংশ। এছাড়া টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের জন্য অটোয়ায় আগে সর্বোচ্চ ৩২০ মিলিয়ন ডলার বরাদ্দ প্রদান করা হয়েছিল। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই ফুটবল মহাযজ্ঞের মোট ১৩টি ম্যাচ কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে কানাডা।

এস এম/ ১ মে ২০২৬