ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে মিশেল প্লাতিনির মামলা – DesheBideshe

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে মিশেল প্লাতিনির মামলা – DesheBideshe


ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে মিশেল প্লাতিনির মামলা – DesheBideshe

প্যারিস, ১০ জুন – ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ফ্রান্সের প্যারিসের একটি আদালতে মামলা করেছেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ২০১৫ সালে তার বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা অভিযোগ এনে ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

মামলায় ফিফার আইনি পরিচালক মার্কো ভিলিগার এবং সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ডোমেনিকো সালাকেও অভিযুক্ত করা হয়েছে।

প্লাতিনির দাবি অনুযায়ী, সে সময় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি পদের নির্বাচন থেকে তাকে দূরে সরিয়ে রাখতেই এই পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। তৎকালীন সভাপতি সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে প্লাতিনিই ছিলেন সবচেয়ে শক্তিশালী প্রার্থী। কিন্তু নানা বিতর্কের মুখে তার ফুটবল ক্যারিয়ারে ছন্দপতন ঘটে এবং তিনি নির্বাচন থেকে ছিটকে পড়েন।

প্লাতিনির আইনি দল জানিয়েছে যে তারা আদালতে প্রমাণ করবেন যে সুপরিকল্পিতভাবে তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছিল।

ফৌজদারি অভিযোগের পাশাপাশি তিনি ফিফার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা করারও প্রস্তুতি নিচ্ছেন। সেখানে তিনি নীতিগত তদন্তের কারণে হওয়া আর্থিক ও সামাজিক ক্ষতির ক্ষতিপূরণ দাবি করবেন।

ফ্রান্সের এই কিংবদন্তি ফুটবলার মনে করেন, তিনি একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন যা ফুটবল প্রশাসনের প্রেক্ষাপট বদলে দিয়েছে।

পুরো বিতর্কের মূলে রয়েছে ২০১১ সালে ব্লাটারের অনুমোদনে প্লাতিনিকে দেওয়া ২০ লক্ষ সুইস ফ্রাঁর একটি অর্থ প্রদান। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত পরামর্শক হিসেবে কাজ করার পারিশ্রমিক হিসেবে এই অর্থ দেওয়া হলেও দেরিতে পেমেন্ট করার বিষয়টি তদন্তকারীদের নজরে আসে।

পরবর্তীতে ২০১৫ সালে এই তথ্য জানাজানি হলে প্লাতিনি ও ব্লাটার উভয়কেই ফুটবল থেকে নিষিদ্ধ করা হয়। এর ফলে প্লাতিনির পরিবর্তে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে উয়েফার তৎকালীন সাধারণ সম্পাদক ইনফান্তিনো ফিফা সভাপতি নির্বাচিত হন।

এনএন/ ১০ জুন ২০২৬