ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক | চ্যানেল আই অনলাইন

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক | চ্যানেল আই অনলাইন

মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ফিফা বিশ্বকাপের। নাচ-গান, আলোকসজ্জা আর বিশ্বসংস্কৃতির রঙিন আয়োজনের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বসংগীতের তারকাদের পারফরম্যান্স যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি আলাদা করে দৃষ্টি কেড়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক!

উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ পর্বে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মঞ্চে হাজির হন সালমা হায়েক। বিশ্বের সবচেয়ে আকাঙ্ক্ষিত ফুটবল সম্মান ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচনের দায়িত্ব পালন করেন তারা। দর্শকভর্তি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শনের সেই মুহূর্তে মেক্সিকোর দর্শকদের জন্য সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

মেক্সিকান সংস্কৃতি ও বৈশ্বিক পরিচয়ের প্রতীক হিসেবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন মেক্সিকো’ খ্যাত সালমা হায়েকের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় আয়োজনে। শুরুতে বিশ্বকাপের উদ্বোধনে স্বাগতমও জানান তিনি।

হলিউডে দীর্ঘদিনের সফল ক্যারিয়ারের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে মেক্সিকোর প্রতিনিধিত্বকারী অন্যতম পরিচিত মুখ ‘ফ্রিদা’ খ্যাত সালমা হায়েক। তার উপস্থিতি উদ্বোধনী অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ করে তুলেছে বলে মত অনেকের।

ট্রফি উন্মোচনের কিছুক্ষণ পরই মাঠে প্রবেশ করে উদ্বোধনী ম্যাচের দুই দল মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। দর্শকদের করতালি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় বহু প্রতীক্ষিত এই আসরের প্রথম ম্যাচ।

এর আগে উদ্বোধনী মঞ্চ মাতান শাকিরা, বার্না বয়, জে বালভিন, মানা, বেলিন্ডা, ড্যানি ওশান ও লিলা ডাউনসসহ বিশ্বখ্যাত শিল্পীরা। বিশ্বকাপের অফিসিয়াল গান পরিবেশন এবং নানা সাংস্কৃতিক উপস্থাপনায় মেক্সিকো তুলে ধরে নিজেদের ঐতিহ্য ও আধুনিকতার অন্য রূপ।