
‘ফ্রি প্যালেস্টাইন’ ট্যুরের ঘোষণা দিয়ে রীতিমত চমকে দিলেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে বাদ পড়ার কয়েক দিন পরই নতুন এই ট্যুরের ঘোষণা দিলেন তিনি।
চলতি মাসের শুরুতে শিরানের কনসার্টে মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার পর তাকে ট্যুর থেকে সরিয়ে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এই ট্যুরের ঘোষণা দিয়ে ম্যাকলেমোর বলেন, “আপনারা সবাই জানেন, আমার সময়সূচি কিছুটা ফাঁকা হয়ে গেছে।”
ম্যাকলেমোর জানান, নতুন এই ট্যুর থেকে পাওয়া অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংগঠনের জন্য দেওয়া হবে। আগামী ২৬ অক্টোবর আয়ারল্যান্ডের ডাবলিনে কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে ট্যুরটি। এরপর ২৯ অক্টোবর প্যারিস এবং ৩০ অক্টোবর লন্ডনে পারফর্ম করবেন তিনি।
যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি কনসার্ট যুক্ত করা হবে বলেও জানিয়েছেন এই র্যাপার। সেসব কনসার্টের টিকিট আগামী সপ্তাহে বিক্রি শুরু হওয়ার কথা।
এক বিবৃতিতে ম্যাকলেমোর বলেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে জনমত তৈরি হয়েছে। একই সঙ্গে এই বক্তব্যকে নিয়ন্ত্রণের চেষ্টা এবং শিল্পীদের কাছ থেকে মানুষের প্রত্যাশা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন,“আমার সঙ্গে যা ঘটেছে, তা শুধু একজন শিল্পী বা একটি মঞ্চের ঘটনা নয়। যখন ধনী ও ক্ষমতাবানরা ঠিক করে দিতে পারে কোন কণ্ঠ মঞ্চে শোনা যাবে আর কোনটি যাবে না, তখন সবারই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।”
এর আগে চলতি মাসের শুরুতে নিউ জার্সিতে এড শিরানের কনসার্টে উদ্বোধনী শিল্পী হিসেবে পারফর্ম করেন ম্যাকলেমোর। মঞ্চে তিনি বলেন, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্যই মূলত এমন বড় মঞ্চে পারফর্ম করতে চেয়েছিলেন তিনি। এরপর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের নিয়ে লেখা তার গান ‘হিন্দস হল’ পরিবেশন করেন।
এরপর ১৪ সেপ্টেম্বর শিরানের ‘লুপ ট্যুর’ থেকে ম্যাকলেমোরকে বাদ দেওয়া হয়। এ বিষয়ে শিরান জানিয়েছেন, ম্যাকলেমোরকে ট্যুর থেকে সরানোর সিদ্ধান্ত তার নয়, আয়োজক কর্তৃপক্ষের।
ম্যাকলেমোর অবশ্য পরে অভিযোগ করেন, তাকে ট্যুর থেকে সরাতে কয়েকটি স্টেডিয়ামের মালিকপক্ষ একজোট হয়েছিল।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




