বক্স অফিসে দাপট দেখাচ্ছে তৃষার নতুন সিনেমা | চ্যানেল আই অনলাইন

বক্স অফিসে দাপট দেখাচ্ছে তৃষার নতুন সিনেমা | চ্যানেল আই অনলাইন

দীর্ঘ প্রতীক্ষা, মুক্তি-জট আর ব্যক্তিজীবনের গুঞ্জন—সবকিছু ছাপিয়ে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে এসেছে ‘কারুপ্পু’। আর মুক্তির পর থেকেই তামিল সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে ছবিটি।

একদিকে যেমন সিনেমাটির গল্প, অভিনয় ও আবহের প্রশংসা করছেন দর্শক-সমালোচকেরা। অন্যদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জনও ছবিটিকে বাড়তি আলোচনায় এনে দিয়েছে। বিশেষ করে বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা জল্পনা ‘কারুপ্পু’–কে ঘিরে আগ্রহ আরও বাড়িয়ে দেয়।

গত ১৫ মে, বিশ্বের সাড়ে ৫০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আরজে বালাজি নির্মিত ‘কারুপ্পু’ সিনেমা। বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছে এটি। চলুন জেনে নিই, ৩ দিনে কত টাকা আয় করল সিনেমাটি। জানা গেছে, ‘কারুপ্পু’ সিনেমা ৩ দিনে ভারতে আয় করেছে ৬৮ কোটি রুপি (নিট)। ৩ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২০.৭৫ কোটি রুপি।

বলি মুভি রিভিউজ ডটকমের তথ্য অনুসারে, ‘কারুপ্পু’ সিনেমা মুক্তির প্রথম দিনে আয় করেছে ২৮ কোটি রুপি (গ্রস), দ্বিতীয় দিনে আয় করেছে ৪৪ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৪৩ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১৫ কোটি রুপি।

সামাজিক অবিচার, আইনি জটিলতা ও ক্ষমতার অপব্যবহারের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কারুপ্পু’ সিনেমার কাহিনি। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে বাবা-মেয়েকে ঘিরে। বছরের পর বছর ধরে আদালতে ঘুরেও ন্যায়বিচার না পাওয়া এই পরিবারের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে দুর্নীতিগ্রস্ত একজন আইনজীবীর কারণে। এ চরিত্রে অভিনয় করেছেন পরিচালক আরজে বালাজি নিজেই। পরে সুরিয়া এসে তাদের লড়াইয়ে নতুন মোড় আনে।

‘কারুপ্পু’ সিনেমা সরবনন চরিত্র রূপায়ন করেছেন সুরিয়া। আর আইনজীবী প্রীতির চরিত্রে অভিনয় করেছেন তৃষা। ২০০৫ সালে সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেন তৃষা-সুরিয়া। দুই দশকের বেশি সময় পর একসঙ্গে পর্দায় হাজির হয়ে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা।