বক্স অফিসে দুর্দান্ত প্রভাব নিয়ে এখনো চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। এমন সাফল্যের পর এবার ওটিটি মুক্তি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সিনেমাটি। এর সম্ভাব্য ডিজিটাল রিলিজের তারিখ নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করেছে।
ভাইরাল হওয়া সেই পোস্টে দাবি করা হয়েছে, আগামী ১৪ মে ওটিটি প্লাটফর্ম জিওহটস্টার-এ মুক্তি পাবে ছবিটি। তবে এই তথ্য নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি সংশ্লিষ্ট প্লাটফর্ম বা নির্মাতাদের পক্ষ থেকে। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গেছে, একটি ইনস্টাগ্রাম পেজ থেকে পোস্টটি প্রকাশ করা হয়, যেখানে ছবির পোস্টারের সঙ্গে সম্ভাব্য মুক্তির তারিখ উল্লেখ করা হয়। এরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভক্তদের মধ্যে কেউ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন- ছবিটি আনকাট থাকবে নাকি সেন্সরড সংস্করণে আসবে!
তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, এখনো পর্যন্ত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ওটিটি মুক্তির বিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়নি। সাধারণত বড় বাজেটের বলিউড সিনেমার ক্ষেত্রে প্রায় ৮ সপ্তাহের থিয়েট্রিক্যাল উইন্ডো অনুসরণ করা হয়। সেই হিসেবে ছবিটি মে মাসের মাঝামাঝি সময়ে ওটিটিতে আসতে পারে। তবে আইপিএলসহ নানা কারণ বিবেচনায় এই সময়সূচি পিছিয়ে জুন মাসেও যেতে পারে।
এদিকে, ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। বিশ্বব্যাপী প্রায় ১,৭২৭ কোটির বেশি আয় করে এটি ইতোমধ্যেই হিন্দি ছবির সর্বকালের আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে! এতে অভিনয় করেছেন রণবীর সিং এবং পরিচালনা করেছেন আদিত্য ধর।
সব মিলিয়ে, ওটিটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতেই হচ্ছে। তবে একটি বিষয় স্পষ্ট, বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমা ডিজিটাল প্লাটফর্মেও যে সমান আলোড়ন তুলবে, তা বলাই যায়। ডিএনএ ইন্ডিয়া





