<![CDATA[
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে দুই কোটি টাকার চেক হস্তান্তর করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে এ চেক হস্তান্তর করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মেয়র তাপস বলেন, ‘প্রতিদিনই বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটছে। এটা নিয়ে আমরা আতঙ্কিত। আগুনের ঘটনা নাশকতা কি না, তা খুঁজে বের করতে এরই মধ্যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘রাজধানীর নিউ সুপার মার্কেটে নকশাবহির্ভূতভাবে দোকান ও যততত্র এসি বসানোসহ নানা অনিয়ম পাওয়া গেছে। বেশ কয়েকটি মার্কেট মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি করপোরেশন। সেগুলো ভেঙে ফেলা হবে।’
আরও পড়ুন: বারবার আগুন লাগায় শঙ্কিত মেয়র তাপস
আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের যত দ্রুত সম্ভব পুনর্বাসন করা হবে বলেও জানান মেয়র তাপস।
এ সময় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, রাজধানীতে যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে, ঈদের পর সেগুলো ঝুঁকিমুক্ত না করলে মার্কেট চালু করতে দেয়া হবে না।
]]>



