বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু! | চ্যানেল আই অনলাইন

বড়পর্দার ঝড় এবার ওটিটিতে, ঈদের আগেই উৎসব শুরু! | চ্যানেল আই অনলাইন

ঈদ-উল-আজহাকে সামনে রেখে ঈদ-উল-ফিতরে প্রেক্ষাগৃহ কাঁপানো চার আলোচিত সিনেমা এবার একে একে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। বড়পর্দায় সাফল্যের পর এবার ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন আফরান নিশো অভিনীত ‘দম’, শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং তানিম নূর পরিচালিত শরিফুল রাজ ও সাবিলা নূর অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’। ফলে ঈদুল আজহার আগেই জমে উঠেছে দেশের ওটিটি অঙ্গন।

এরই মধ্যে বুধবার রাত ১২টা থেকে চরকিতে স্ট্রিমিং শুরু হয়েছে আলোচিত সিনেমা ‘দম’। রেদওয়ান রনি পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে সিনেমাটির সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে এটিকে বাংলা সিনেমার ‘লেভেল আপ’ বলেও মন্তব্য করেছেন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’-এ অভিনয় করেছেন আফরান নিশো, চঞ্চল চৌধুরী ও পূজা চেরি। নির্মাতা রেদওয়ান রনির ভাষায়, ‘দম’ বাংলাদেশের জয়ের গল্প। ওটিটিতে মুক্তির মাধ্যমে এই গল্প এখন সবার ঘরে পৌঁছে যাবে।

অন্যদিকে নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে ঈদের বহুল আলোচিত দুই সিনেমা প্রিন্স ও রাক্ষস দিয়ে। বৃহস্পতিবার রাত থেকেই প্ল্যাটফর্মটিতে সিনেমা দুটি মুক্তির কথা রয়েছে।

শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। প্রেক্ষাগৃহে ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক দর্শক ঠিকভাবে সিনেমাটি উপভোগ করতে না পারলেও, ওটিটি সংস্করণে সেই কারিগরি ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’-এ সিয়াম আহমেদকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে দেখা গেছে। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। নির্মাতার দাবি, ‘রাক্ষস’ মূলত তার আলোচিত ‘বরবাদ ইউনিভার্স’-এর অংশ। সিনেমাটি দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রদর্শিত হচ্ছে।

নতুন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি জানান, বাংলা কনটেন্টকে বিশ্বব্যাপী সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘উৎসব’-এর যাত্রা।

অন্যদিকে গেল ঈদের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ আসছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে। আগামী ২৪ মে থেকে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন। তানিম নূর পরিচালিত সিনেমাটি দেশের পাশাপাশি বিদেশের বক্স অফিসেও সাফল্য পেয়েছে।

সব মিলিয়ে বড়পর্দা কাঁপানো চার সিনেমার ওটিটি মুক্তিতে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। প্রেক্ষাগৃহে মিস করা দর্শকদের জন্য এটি যেন একসঙ্গে চারটি বড় চমক।