বন্ধুর বিয়েতে জুতা চুরি রুখতে ‘লড়াইয়ে’ নামলেন আরিয়ান খান – DesheBideshe

বন্ধুর বিয়েতে জুতা চুরি রুখতে ‘লড়াইয়ে’ নামলেন আরিয়ান খান – DesheBideshe


বন্ধুর বিয়েতে জুতা চুরি রুখতে ‘লড়াইয়ে’ নামলেন আরিয়ান খান – DesheBideshe

মুম্বাই, ২৩ এপ্রিল – বলিউড বাদশা শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান সাধারণত তার গম্ভীর ও শান্ত স্বভাবের জন্য পরিচিত। তবে সম্প্রতি প্রিয় বন্ধুর বিয়েতে তাকে দেখা গেল একেবারে ভিন্ন এক মেজাজে। বিয়ের একটি প্রচলিত ও জনপ্রিয় রীতি ‘জুতা চুরি’ পালন করতে গিয়ে রীতিমতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হন তিনি। বরের জুতা রক্ষায় তার এই প্রাণপণ চেষ্টা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। রিয়া নাদকার্নি এবং মাহির মেহতার বিয়ের এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

বিয়ের ইভেন্ট প্ল্যানার ‘জেস্ট ইভেন্টস’ ভিডিওটি শেয়ার করার পর থেকেই নেটিজেনদের মাঝে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, আরিয়ান খান জিনস এবং বাদামী রঙের জ্যাকেট পরে বেশ সাধারণ পোশাকে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে যখন কনেপক্ষের লোকজন বরের জুতা চুরি করার চেষ্টা করেন, তখন বন্ধুর সহায়তায় ঝাঁপিয়ে পড়েন আরিয়ান। বন্ধুর মান বাঁচাতে আরিয়ান জুতাটি শক্ত করে ধরে রাখেন এবং প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি খেলায় মেতে ওঠেন।

ভিড়ের চাপে এক সময় ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার উপক্রম হলেও তিনি দমে যাননি। অত্যন্ত দক্ষতার সঙ্গে ভিড় সামলে শেষ পর্যন্ত জুতাটি নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন তিনি। আয়োজকরা এই মুহূর্তটিকে ভালোবাসা এবং হাসির একটি সুন্দর লড়াই হিসেবে অভিহিত করেছেন। পেশাগত জীবনে আরিয়ান খান সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’ এর মাধ্যমে পরিচালক হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন। এই সিরিজে তিনি একই সঙ্গে পরিচালক, লেখক এবং শো রানারের ভূমিকা পালন করছেন। এতে ববি দেওল, লক্ষ্য এবং মোনা সিংয়ের মতো তারকাদের অভিনয় করতে দেখা যাবে। ক্যারিয়ারের এই ব্যস্ততার মাঝেও বন্ধুর বিয়েতে আরিয়ানের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভক্তদের নজর কেড়েছে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬