বন জোভির উত্থান-পতনের গল্প এবার সিনেমায় | চ্যানেল আই অনলাইন

বন জোভির উত্থান-পতনের গল্প এবার সিনেমায় | চ্যানেল আই অনলাইন

বিশ্বখ্যাত রক ব্যান্ড বন জোভি–কে ঘিরে নির্মিত হতে যাচ্ছে একটি জাবনীধর্মী চলচ্চিত্র। মূলত ব্যান্ডটির শুরুর সময়ের গল্প তুলে ধরা হবে সিনেমায়। নিউ জার্সিতে সাধারণভাবে শুরু করার দিনগুলো থেকে শুরু করে বিশ্বজুড়ে স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে পারফর্ম করা পর্যন্ত ব্যান্ডটির উত্থানের কাহিনি থাকবে সিনেমায়।

ছবিটি প্রযোজনা করবেন কেভিন জে ওয়াশ, যিনি এর আগে ম্যানচেস্টার বাই দ্য সি, হাউজ অব গুচি এবং নেপলিওনসহ আরো বহু জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত ছিলেন। এছাড়া প্রযোজনায় থাকবেন গুথাম চোপড়া, তিনিই ২০২৪ সালে প্রকাশিত চার পর্বের ডকুমেন্টারি ‘থেঙ্ক ইউ, গুডনাইট: দ্য বন জোভি স্টোরি’ পরিচালনা করেছিলেন।

নতুন এই সিনেমায় তুলে ধরা হবে ব্যান্ডটির গড়ে উঠার কাহিনি, সংগ্রাম এবং ১৯৮০–এর দশকে দুনিয়াব্যাপী তাদের বিস্ফোরক সাফল্যের গল্প। সে সময় জন বন জোভির নেতৃত্বে ব্যান্ডটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করে এবং বড় বড় স্টেডিয়ামে হাজারো দর্শকের সামনে পারফর্ম করতে শুরু করে। বিশেষভাবে দেখানো হবে ১৯৮৯ সালের ঐতিহাসিক মস্কো মিউজিক পিস ফেস্টিভালে তাদের পারফরম্যান্স, যেখানে প্রায় এক লাখ দর্শকের সামনে গান পরিবেশন করেছিল ব্যান্ডটি।

ডকুমেন্টারি ‘থেঙ্ক ইউ, গুডনাইট: দ্য বন জোভি স্টোরি’-তে ব্যান্ডটির সাফল্যের পাশাপাশি কঠিন সময়ও তুলে ধরা হয়েছিল। সেখানে সদস্যদের মাদকাসক্তির সমস্যা এবং ভোকাল সার্জারির মতো সংকটের বিষয়ও উঠে আসে, যা একসময় জন বোন জোভির গায়কী ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছিল। ধারণা করা হচ্ছে, সিনেমায় এই বিষয়গুলোও গুরুত্ব সহকালে থাকবে।

বহু দশক ধরে সংগীত জগতে দাপটের সঙ্গে রাজত্ব করা বন জোভি ব্যান্ড বিশ্বজুড়ে ১৩০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছে। রক সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে তাদের অন্তর্ভুক্ত করা হয় ‘রক এন্ড রোর হল অব ফেম’-এ।

১৯৮৬ সালে প্রকাশিত অ্যালবাম ‘স্লিপারি হুয়েন উইট’ ব্যান্ডটিকে বিশ্বজুড়ে সুপারস্টার বানিয়ে দেয়। সেই অ্যালবাম থেকেই আসে জনপ্রিয় গান লিভিন অন আ প্রেয়ার এবং ইউ গিভ লাভ আ ব্যাড নেম- যা যুক্তরাষ্ট্রের চার্টের শীর্ষে উঠেছিল।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া ২০২৫ সালের এক সাক্ষাৎকারে জন বোন জোভি জানান, যদি তার জীবনের ওপর বায়োপিক তৈরি হয়, তাহলে তিনি চান তার চরিত্রে অভিনয় করুক তার ছেলে জেক। ২০২৪ সালের রোমান্টিক কমেডি ‘সুইটহার্টস’-এ অভিনয় করতে দেখা গেছে তাকে।

তবে বন জোভি বায়োপিকে কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি; এমনকি এটি পরিচালনার দায়িত্ব কাকে দেয়া হবে- সেটিও জানানো হয়নি। টি-২ অনলাইন