বরিশাল বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ শিক্ষার্থী – DesheBideshe

বরিশাল বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ শিক্ষার্থী – DesheBideshe


বরিশাল বোর্ডে এইচএসসিতে পাস করেছে ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ৯৫০ শিক্ষার্থী – DesheBideshe
বরিশাল বোর্ড

বরিশাল,৩১ অক্টোবর-এবার এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী।

গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা—দুটিই কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় পরীক্ষার ফল ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

ফল প্রকাশের সময় তিনি বলেন, এবারের ফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়ন করে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ২৬ হাজার ৭৫৫ জন ছাত্র এবং ৩১ হাজার ১৫৭ জন ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ২৫ হাজার ৯৭০ জন।

গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।

এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

এস এম/ ৩১ অক্টোবর ২০২৬