
মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলে জাতীয় দলে ডাক পেয়ে আগেই ইতিহাস গড়েছিলেন ১৭ বর্ষী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। এবার মেক্সিকোর বিপক্ষে গোল করে আরেকটি ইতিহাস গড়েছেন তিনি। জাতীয় দলের ক্যারিয়ারে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই এ রেকর্ড নিজের করে নিয়েছেন কাভান। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন এ অ্যাটাকিং মিডফিল্ডার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কমবয়সী গোলস্কোরার এখন কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে খেলতে নেমে ১৭ বছর ৫ দিন বয়সী এ অ্যাটাকিং মিডফিল্ডার করেছেন গোল। তার গোলে মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র দল। ৬২ মিনিটে গোল করেন কাভান।
গত বুধবার ম্যাথিয়াস অ্যালবার্ট ১৭ ও ১৩১ দিন বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কমবয়সী গোলস্কোরারের খাতায় নাম তুলেছিলেন। তবে সেই রেকর্ড পাঁচ দিনের বেশি সময় ধরে রাখতে পারেনি অ্যালবার্ট। রোববার কাভান সুলিভান গোল করে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন।
আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাওয়া কাভান গোল করার পর বলেন, ‘তিন, চার, পাঁচ বা ছয় বছর বয়সে আপনি এই মুহূর্তগুলোরই স্বপ্ন দেখেন। আমি এই মুহূর্তটিকে বাস্তবে রূপ দিয়েছি—শুধু গত কয়েক ঘণ্টা নয়, যখন জানতে পারলাম যে আমি খেলার শুরুর একাদশে, বরং আমার পুরো জীবনজুড়েই আমি এর জন্য প্রস্তুত হয়েছি।’
‘আমার শুধু মনে আছে, আমি বলটা হালকা করে মেরেছিলাম, এই আশায় যে সেটা যেন ক্রসবারে না লাগে বা বাইরে চলে না যায়। জিনিসটা যখন বাতাসে ছিল তখন আমি ঘাবড়ে যাচ্ছিলাম, আর তারপর সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে গেল।’
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা সুলিভান আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। ইংলিশ ক্লাবটি ২০২৪ সালেই ১৪ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে নেয়ার জন্য চুক্তি নিশ্চিত করেছিল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




