বিদেশি ভ্রমণকারীদের জন্য বাংলাদেশের ‘অন অ্যারাইভাল ভিসা’ ও ট্রানজিট ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে বিমানবন্দরে পৌঁছানোর আগেই অনলাইনে এসব ভিসার আবেদন করতে পারবেন বিদেশি যাত্রীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের এসপি কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা বা ট্রানজিট ভিসা নিতে আগ্রহী বিদেশি যাত্রীরা এখন অনলাইনেই আবেদন করতে পারবেন। একটি কিউআর কোড স্ক্যান করে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করা যাবে।

অনলাইনে আবেদনের জন্য নির্ধারিত পোর্টালে প্রবেশ করে আবেদন করতে হবে।
অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার অনলাইন আবেদন পোর্টাল https://voa.specialbranch.gov.bd/login?utm_source=chatgpt.com
এর আগে অন অ্যারাইভাল ভিসার জন্য বিদেশি যাত্রীদের বাংলাদেশে পৌঁছানোর পর বিমানবন্দরের নির্ধারিত কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এরপর আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই-বাছাইয়ে সময় লাগত। ফলে পুরো প্রক্রিয়া শেষ করতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো।
কামরুল ইসলাম বলেন, নতুন অনলাইন ব্যবস্থায় ভিসা প্রক্রিয়াটি আরও সহজ হবে। বিদেশি যাত্রীরা বাংলাদেশে আসার আগেই অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন।
ফলে বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা সংক্রান্ত আনুষ্ঠানিকতায় অপেক্ষার সময় কমবে এবং বিদেশি যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


