
ঢাকা, ১৫ এপ্রিল – দুই ধাপ পিছিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম, আগের সূচকে যা ছিল ৯৩তম। নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণ করতে পারবেন। হেনলি অ্যান্ড পার্টনার্স সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র্যাংকিংয়ের তালিকায় এই তথ্য দেখা গেছে।
তালিকা অনুযায়ী, আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় রয়েছে বার্বাডোজ, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া ও মন্টসেরাট।
এছাড়া আছে নেপাল, নিউই, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেইন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, বাহামাস, গাম্বিয়া, তিমুর, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু এবং ভানুয়াতু। এসব দেশের কিছুতে অন-অ্যারাইভাল বা বিমানবন্দরে নামার পর ভিসার সুবিধা রয়েছে এবং কিছু ক্ষেত্রে ই-ভিসা নিতে হয়।
এদিকে হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ তালিকায়ও এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
সূচক অনুযায়ী, তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। চতুর্থ অবস্থানে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং সুইজারল্যান্ড। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা ও পর্তুগাল। আর হাঙ্গেরি, মালয়েশিয়া, পোল্যান্ড, যুক্তরাজ্য রয়েছে ষষ্ঠ অবস্থানে।
এনএন/ ১৫ এপ্রিল ২০২৬






