
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ড্র করার পর এবার বাংলাদেশের সামনে ত্রিদেশীয় সিরিজের মিশন। এ সিরিজে লড়বে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তান। শনিবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আবুধাবিতে শুরু হবে এ সিরিজ। এখানে বাংলাদেশের প্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া, এমনই বলছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।
বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পাওয়া সদস্যদের নিয়ে অনুশীলন করেছে আবুধাবিতে। অনুশীলনের পর কথা বলেছেন মোসাদ্দেক হোসেন। তিনি জানান, ‘অবশ্যই, সর্বপ্রথম লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু এর আগে আমাদের দুইটা ম্যাচ খেলতে হবে, সেই দুইটা ম্যাচ আমাদের জিততে হবে। আমাদের প্রথম প্রতিপক্ষ জিম্বাবুয়ে।’
‘আমরা অবশ্যই চেষ্টা করব প্রথম ম্যাচটাতে সর্বোচ্চ ভালো খেলে যেন আমরা ওই ম্যাচটা জিততে পারি এবং তারপর আমরা পরবর্তী ম্যাচও যেন জিততে পারি।’
আবুধাবির গরম আবহাওয়া নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘গরম থাকবে অবশ্যই। আমার কাছে মনে হয় যে যারা টেস্ট দলের সাথে ছিল তারা তো খুব ভালোভাবে নিজেদের মানিয়ে নিয়েছে। আমরা যারা নতুন আসছি, আমার কাছে মনে হয় যে আমরা দুইদিন প্র্যাকটিস করলাম এবং কালকে আমরা প্র্যাকটিস করব। যেহেতু খেলাটা বিকেল থেকে শুরু হবে, আমার কাছে মনে হয় যে একটা ইনিংস পর থেকে হয়তোবা একটু বাতাস থাকবে।’
দলগতভাবে খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলছেন মোসাদ্দেক, ‘বর্তমান আবহাওয়া এবং প্রস্তুতি অনুযায়ী যদি বলি, আমরা মাত্র দু’দিন অনুশীলন করার সুযোগ পেয়েছি। বাকি যারা ছিল দলের সাথে যারা হয়তো টেস্ট ম্যাচে খেলেনি, কিন্তু পর্যাপ্ত অনুশীলন করার সুযোগ পেয়েছে এখানে।’
‘সুতরাং আমার কাছে মনে হয় যে, আমাদের পুরো দলটাই যদি আমরা এক হয়ে খেলতে পারি, অবশ্যই এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসা সম্ভব।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




