<![CDATA[
মন্ট্রিলে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে, জাস্টিন ট্রুডো বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকার অঙ্গীকার করেন। রোববার (২৬ মার্চ) মন্ট্রিলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এ অঙ্গীকার করেন তিনি। তাকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরাও।
স্থানীয় সময় রোববার কানাডার মন্ট্রিলের পার্ক এক্সটেনশন এলাকায় আয়োজন করা হয় বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠান। সারগাম মিউজিক একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রীতিমত চমকে দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন: ভিয়েনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
অনুষ্ঠানে কোমলমতি শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ট্রুডো। পরে কেক কেটে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেন তিনি। এ সময় স্বাধীনতা যুদ্ধে তার বাবা পিয়েরে ট্রুডোর অবদান ও বাংলাদেশের স্বীকৃতির কথা স্মরণ করে পাশে থাকার কথা জানান কানাডার প্রধানমন্ত্রী।
কানাডার অগ্রযাত্রায় বাংলাদেশি কমিউনিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন ট্রুডো।
পরে প্রবাসী বাংলাদেশিরা জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কানাডার প্রধানমন্ত্রীর অংশগ্রহণই প্রমাণ করে দেশটির মূলধারায় গুরুত্ব বাড়ছে বাংলাদেশি কমিউনিটির।
]]>


