বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করেছে দিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন।

দীনেশ ত্রিবেদী যে হাই কমিশনার হয়ে ঢাকায় আসতে পারেন, সে খবর দুই সপ্তাহ আগেই দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এবার আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিল নরেন্দ্র মোদীর সরকার।

এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিল ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য; দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসবেন তিনি। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ক্ষমতায় আসা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্কে অবনতি হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নতুন সরকার গঠিত হওয়ার পর দুই দেশের সম্পর্ক আবার স্বাভাবিক হতে শুরু করেছে। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিক দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার।