
মুন্সিগঞ্জ, ২৬ জুন – বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পর তিনি এই মন্তব্য করেন।খেলা শেষে রাষ্ট্রদূত পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম সৌন্দর্য উপভোগ করেন।
সাপ্তাহিক ছুটির দিনে রাষ্ট্রদূতের এই সফর ঘিরে পদ্মা পাড়ে আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। নানা বয়সী ভক্তরা রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এ সময় রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, এখানকার মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি আনন্দিত। তিনি আশা করেন যে, বাংলাদেশ ফুটবলের এই চর্চা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে বৈশ্বিক আসরে জায়গা করে নেবে।
এর আগে শিমুলিয়া ঘাটে পৌঁছালে শত শত ভক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি মাঠে নামেন। এই প্রীতি ম্যাচে তার সঙ্গে মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারলেও দর্শকদের মাঝে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে।
এনএন/ ২৬ জুন ২০২৬






