মাদারীপুর, ২৮ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল বা টিআরসি পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের ৬৪টি জেলা থেকেই আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আগামী ৫ মার্চ ২০২৬ থেকে শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে। এবারের নিয়োগ বিজ্ঞপ্তিতে জেলাভিত্তিক পদের সংখ্যা নির্দিষ্ট না থাকলেও মেধা ও কোটার ভিত্তিতে শূন্য পদ পূরণ করা হবে বলে সদর দপ্তর সূত্রে জানা গেছে। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
৩১ মার্চ ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হওয়া আবশ্যক এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ কোটার পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে তবে মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে উচ্চতায় বিশেষ ছাড় রয়েছে।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের জন্য চারটি ভিন্ন গ্রুপে ভাগ করে সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ এপ্রিল থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন জেলার পুলিশ লাইনস মাঠে এই শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন ফি বাবদ টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ৪০ টাকা জমা দিতে হবে এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর লিখিত পরীক্ষার জন্য ৫৬ টাকা প্রদান করতে হবে। পুলিশ সদর দপ্তর নিয়োগ প্রক্রিয়ায় যেকোনো ধরনের আর্থিক লেনদেন বা জালিয়াতি পরিহার করার জন্য কঠোর সতর্কতা জারি করেছে এবং অনিয়ম পাওয়া গেলে প্রার্থিতা বাতিলের ঘোষণা দিয়েছে।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬






