সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এসব ত্রুটির কারণে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সিস্টেমের নিরাপত্তা যাচাই ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে।
সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয় দেখভালের দায়িত্বপ্রাপ্ত বিজিডি ই-গভ সার্টও পিএইচপির নিরাপত্তা ত্রুটি নিয়ে সতর্কবার্তা জারি করেছে। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করতে হবে। পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে হবে।
এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সার্ভার বন্ধ রাখার বিষয়টিও সামনে আসে। এবার ভূমিসেবার সার্ভার বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলো।




