বাঘাইছড়িতে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন | বাংলাদেশ

বাঘাইছড়িতে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন | বাংলাদেশ

<![CDATA[

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাথর বোঝাই ট্রাকের ভারে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে পড়ায় উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার (৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সীমান্ত সড়কের জন্য নিয়ে আসা পাথর বোঝাই ট্রাকের ভারে এই দুর্ঘটনা ঘটে। ফলে সেতুর দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

স্থানীয়রা জানায়, কাচালং সেতুর ওপর ট্রাকটি উঠার পরপরই পাটাতন ভেঙে যায়। ফলে উপজেলার সঙ্গে দূর পাল্লার সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: হঠাৎ বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে

স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন, এই সেতুটি ২০১৯ সালে মেয়াদোত্তীর্ণ ঘোষণা করা হয়। পাশেই আরেকটি নতুন সেতু নির্মাণ করা হলেও শুধুমাত্র সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় তা ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। তাই বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করতে হচ্ছিল। এখন পুরাতন সেতুটিও ভেঙে পড়েছে। স্থানীয়রা নিজ উদ্যোগে নতুন সেতুর সংযোগ সড়কে বালু ফেলছেন। সেখান দিয়ে ঝুঁকি নিয়েই বিভিন্ন যানবাহন চলাচল করছে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়কের কাজ শেষ করে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হোক।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই আমাদের সকল ইউনিটকে কাজে নামিয়েছি। অল্প সময়ের মধ্যে সেতু মেরামতের কাজ শুরু করবো। এছাড়া নতুন  সেতুর কাজ শেষ হয়েছে। সংযোগ সড়কের কাজ কিছু বাকী রয়েছে সেটিও চলমান রয়েছে।

]]>