রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি শিম, ফুলকপি ও মুলা। তবে মৌসুমের আগাম এসব সবজির দাম এখনো চড়া। বাজারে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে লাউ ও পেঁপে। অন্যদিকে শিম, ফুলকপি ও টমেটো কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে বেশি টাকা। শুধু সবজি নয়, মাছ-মাংসের দামেও স্বস্তি নেই।
শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে আগাম শীতের মুলা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে। প্রতি কেজি শিমের দাম ১৬০ টাকা, নতুন আলু ১৪০ টাকা এবং টমেটো ১৮০ থেকে ২০০ টাকা। এ ছাড়া ফুলকপি, ঝিঙা, লাউ, কচুমুখী ও পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ও কাঁকরোলের দাম ১০০ টাকা কেজি।
বাজারে মাছ কিনতেও হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তেলাপিয়া মাছের কেজি ২৮০ থেকে ৩০০ টাকা, রুই ৩৫০ থেকে ৬০০ টাকা এবং কাতলা ৪০০ থেকে ৫৫০ টাকা। চিংড়ি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ৬০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, বোয়াল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং রূপচাঁদা ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে।
বাজারে কেনাকাটা করতে এক ক্রেতা বলেন, ‘আমাদের জন্য মাছ হচ্ছে তেলাপিয়া আর পাঙাশ। ওই দুইটার কেজিও এখন প্রায় ৩০০ টাকা। অন্য মাছগুলোর দাম কিংবা গরু-খাসির মাংসের দাম শুনে তো লাভ নেই। তাই ওদিকে উঁকি দিয়েই চলে এলাম।’
মাছের পাশাপাশি মাংসের দামেও রয়েছে পাইকারি ও খুচরা বাজারের ব্যবধান। কারওয়ান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি দরে। স্থানীয় বাজারে একই মুরগির দাম ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগি পাইকারি বাজারে ৩১০ থেকে ৩২০ টাকা এবং স্থানীয় বাজারে ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পাইকারি বাজারে গরুর মাংসের কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা। স্থানীয় বাজারে তা বেড়ে দাঁড়াচ্ছে ৮২০ থেকে ৮৫০ টাকায়। খাসির মাংস পাইকারি বাজারে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হলেও স্থানীয় বাজারে দাম ১ হাজার ৪০০ টাকা। অর্থাৎ, খাসির মাংস কিনতে পাইকারি দামের তুলনায় কেজিতে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে ক্রেতাদের। ছাগলের মাংসেও কেজিতে দামের ব্যবধান ৫০ টাকা পর্যন্ত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে মুদিপণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা, ছোট মসুর ডাল ১৪০ থেকে ১৫০ টাকা, ছোলা ১০৫ টাকা এবং চিনি ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা।




