<![CDATA[
বান্দরবানে সোনা চুরির অপবাদে মা ও ছেলেকে নির্যাতনের অভিযোগ উঠেছে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দীনের বিরুদ্ধে।
শনিবার (২৫ মার্চ) উপজেলার আজিজ নগর এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ইউপি চেয়ারম্যানের বাড়িতে গৃহকর্মীর কাজ করত নয় বছর বয়সী শিশু সোয়াদ। গত ২৫ মার্চ চেয়ারমানের বাড়িতে সোনা চুরির অপবাদে সোয়াদকে মারধর করে শিকল দিয়ে বেঁধে রাখেন চেয়ারম্যান। পরদিন শিশুটির মা ও বাবাকে খবর দিয়ে ডেকে নেয়ার পর তাদেরকেও মারধর করেন। সেই সঙ্গে চুরি হওয়া সোনা ফেরত না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয়। পরে ছেলের বাবা ৯৯৯ এ কল করেন। পুলিশ গিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে ছেলেকে উদ্ধার করে। চেয়ারম্যানের মারধরে শিশু সোয়াদ ও তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় তোলপাড় শুরু হয়। সেই সঙ্গে চেয়ারম্যানের শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
আরও পড়ুন: ময়মনসিংহে জমিসংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন
নির্যাতনের স্বীকার সোয়াদের পিতা মোর্শেদ বলেন, পড়াশোনা করাবে বলে জসিম চেয়ারম্যান আমার ছেলেকে তার বাড়িতে নিয়ে যায়। কিন্তু সে আমার ছেলেকে দিয়ে গৃহকর্মীর কাজ করাতেন। গত ২৫ মার্চ তার ঘরে তিন ভরি সোনা চুরি হয়েছে, এটার অপবাদ দিয়ে আমার ছেলেকে মারধর করে দুদিন ধরে শিকল দিয়ে বন্দী করে রাখেন তিনি। পরে আমাদেরকে ডেকে নিয়ে সোনা ফেরত দেয়ার কথা বলে না হলে ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দেন।
তিনি আরও বলেন, ছেলের মাকেও অনেক মারধর করেন। পরে প্রতিবেশীর সহায়তায় ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে আমার ছেলেকে উদ্ধার করে। চেয়ারম্যানের নির্যাতনে আমার ছেলে অজ্ঞান হয়ে যায়। ছেলের মা রক্ত বমি শুরু করলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রক্রিয়া চলছে।
]]>



