<![CDATA[
টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে বরাবরই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। সম্প্রতি বাবরের অধিনায়কত্ব নিয়েও উঠেছিল প্রশ্ন। তবে এ দুজন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা আফগানিস্তান সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি সিরিজ শেষেই টের পেয়েছে পাকিস্তান। ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব খান মনে করেন, এখন থেকে এ দুজনকে শ্রদ্ধা করবে পাকিস্তানের মিডিয়া ও মানুষ।
নিয়মিত অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রামে রেখে পিএসএলে পারফর্ম করা তরুণদের নিয়ে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল গড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ড তখন জানিয়েছিল, ২০২৪ বিশ্বকাপের পরিকল্পনার অংশ হিসেবে তারা তরুণদের দলে সুযোগ দিতে চায়। আর ব্যস্ত সূচির ধকল কাটাতেই বিশ্রামে রাখা হয়েছে বাবর-রিজওয়ানসহ শাহিন শাহ আফ্রিদি ও ফখর জামানের মতো সিনিয়র তারকাদের।
তবে অনেকেই শঙ্কা করছিল, স্ট্রাইক রেট ইস্যুতে হয়তো টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন বাবর ও রিজওয়ান। তার আগে তাদের বিকল্প খুঁজে নিতে এমন পরিকল্পনার পথে হাঁটছে পিসিবি।
আরও পড়ুন: মাশরাফীর ভেলকিতে কুপোকাত মোহামেডান
কিন্তু আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে যে দশা হয়েছে পাকিস্তানের, তাতে বাবর ও রিজওয়ানের অভাব হাড়ে হাড়েই টের পাচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচে মাত্র ৯২ রানে ধসে গিয়েছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। আর দ্বিতীয় ম্যাচে টেনেটুনে সংগ্রহ ১৩০। দুই ম্যাচেই দাপটের সঙ্গে জিতে সিরিজ নিশ্চিত করে নিয়েছে আফগানরা।
রোববার (২৬ মার্চ) সিরিজ হারের পর গণমাধ্যমের মুখোমুখি হন ভারপ্রাপ্ত অধিনায়ক শাদাব। আফগানিস্তানের বিপক্ষে এমন বাজে হারের জন্য যে অনভিজ্ঞ ব্যাটিং অর্ডারই দায়ী, সেটা উল্লেখ করতে ভোলেননি তিনি। প্রসঙ্গ নিয়ে এসেছেন বাবর ও রিজওয়ানকে নিয়ে অহেতুক সমালোচনারও।
আরও পড়ুন: আইপিএলকে বড় সুযোগ হিসেবে দেখছেন লিটন
শাদাব বলেন, ‘বাবর ও রিজওয়ান ভালো খেলুক বা খারাপ খেলুক, মানুষ তাদের সমালোচনা করে। স্ট্রাইক রেট নিয়ে তাদের ঘাড়ের ওপর সব সময় খড়্গ থাকে। আমাদের চাওয়া ছিল, পিএসএলে ভালো খেলা তরুণরা আন্তর্জাতিক ক্রিকেটে আসুক। আমরা ভেবেছিলাম, তারা ভালো স্ট্রাইক রেট নিয়ে খেলবে। কিন্তু পাকিস্তানের মানুষ অবশেষে বুঝবে যে অভিজ্ঞতা একটা বড় ব্যাপার এবং পারফরম্যান্স বিবেচনায় আমাদের সিনিয়র খেলোয়াড়রা প্রাপ্য শ্রদ্ধা পায়নি। আশা করছি, এই সিরিজের পর মিডিয়া এবং মানুষ থেকে তারা আরও বেশি শ্রদ্ধা পাবে।’
]]>



